বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
23 C
Dhaka
Homeজেলার খবরআমনের মাঠে সোনালি ঢেউ ধান কাটায় ব্যস্ত কৃষকেরা

আমনের মাঠে সোনালি ঢেউ ধান কাটায় ব্যস্ত কৃষকেরা

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৯:৪৩

বিশাল মাঠজুড়ে আমনের পাকা ধানের সোনালি আভা। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষকেরা, কোথাও চলছে মাড়াই।কেউ ধান শুকাচ্ছেন, আবার কেউ খড়কুটো আলাদা করে ব্যস্ত ফসল ঘরে তোলার কাজে।

চট্টগ্রামের ফটিকছড়িতে ইতিমধ্যেই শুরু হয়েছে চলতি মৌসুমের আমনের ধান কাটা। লক্ষ্যমাত্রার চেয়েএ বেশি জমিতে আবাদ হওয়ায় এবার ফলন নিয়েও আশাবাদী কৃষি বিভাগ। আমন কাটার পর দ্রুত জমি প্রস্তুত করে আলু, মরিচ ও শিম চাষের পরিকল্পনাও করছেন অনেক কৃষক।

গত দু’দিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে ধান কাটার ব্যস্ততা। কোথাও ধান মাড়াই, কোথাও শুকানোর কাজ। আগে গরু দিয়ে ধান মাড়াইয়ের প্রচলন থাকলেও এখন সেই দৃশ্য অনেকটাই কমেছে। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও মাড়াই করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আবাদ হয়েছে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে।

ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এবার প্রায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান কাটার পর একই জমিতে রবিশস্য চাষ বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। বিশেষ করে আলু, মরিচ ও শিমের আগাম আবাদ করতে হলে দ্রুত জমি প্রস্তুত করা জরুরি। তাই পাকা ধান দ্রুত ঘরে তুলতে ব্যস্ত তারা।

দাঁতমারা ইউনিয়নের কৃষক কামরুল বলেন, দীর্ঘদিন ধরে আমন ধান কাটার পর একই জমিতে আলু, মরিচ ও শিমের আগাম চাষ করে আসছেন তিনি। এবারও প্রায় পাঁচ কানি জমিতে আগাম জাতের আমন ধান চাষ করেছেন। ধান কাটার পরপরই এসব ফসলের আবাদ শুরু করবেন।

তবে বাড়তি আবাদ ও ভালো ফলনের প্রত্যাশার পাশাপাশি কৃষকদের বড় দাবি উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা। তাদের মতে, সার, বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বেড়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের ফসল উৎপাদন
সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধানের উৎপাদন ছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ মেট্রিক টনে। এক বছরে উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৪ হাজার ৫৩০ মেট্রিক টন।

এদিকে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সারাদেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এ বছর ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধান চাষ করেছেন। তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা। চলতি মাসের শেষ দিকে অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে।

আমনের মাঠে এখন সোনালি ধানের সমারোহ। কৃষকদের প্রত্যাশা, ঘরে উঠবে কাঙ্ক্ষিত ফসল, মিলবে উৎপাদনের ন্যায্যমূল্য। আর আমন কাটার পর একই জমিতে আগাম রবিশস্যের আবাদ তাদের সংসারে আনবে বাড়তি স্বচ্ছলতা। সবমিলিয়ে ফুরফুরে মেজাজেই আছেন কৃষকরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর