শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
30.1 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম

৪০০ ছাড়াল কাঁচামরিচ, অনিয়ন্ত্রিত সবজি ও ডিমের দাম

প্রকাশ: জুলাই ৩১, ২০২৬ ২:০৬

টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পর থেকেই অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। এরমধ্যে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম। এখন বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া নতুন করে বাড়ছে পেঁয়াজ ও ডিমের দাম। 

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সেগুণবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতি একশো গ্রাম ৪০ টাকা ও আড়াইশো গ্রাম ১০০ টাকা দরে। তবে আধাকেজি বা এক কেজি মরিচ নিলে ২০-৩০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

সেগুনবাগিচা বাজারের মরিচ বিক্রেতা মুকুল মিয়া বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তার আগে সপ্তাহে ১৮০ থেকে ২০০ টাকা ছিল।

এ ছাড়াও দেড়-দুই সপ্তাহ আগেও দেশি পেঁয়াজের দাম ছিল মানভেদে ৪০ থেকে ৪৫ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। চারদিন আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা।

শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক বলেন, পাইকারি বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেশি। যে কারণে এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করেছি, তা এখন ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাবনার ভালো মানের বাছাই করা পেঁয়াজ ৬৫ টাকাও বিক্রি করতে হচ্ছে।

এদিকে বেশকিছু ধরেই বাড়তি সবজির বাজার। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। গোলাকৃতির কালো বেগুনের দাম উঠেছে ১৮০ টাকায় এবং সাদাটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। কোথাও কোথাও মানভেদে বেগুনের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমবেশি দেখা গেছে।

তবে ধুন্দল ও পটলের দাম একটু কমেছে। ১০০ টাকা থেকে কমে পণ্য দুটির দাম বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এছাড়া করল্লা ১২০ থেকে ১৪০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা এবং চিচিঙা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।

অন্যদিকে গত সপ্তাহের তুলনায় আরও কিছুটা বেড়েছে ফার্মের ডিমের দাম। গত সপ্তাহে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন দরে ডিম বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। আর একমাস আগে এ ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। তবে প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি জাতের মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর