ঈদে নানা আয়োজন পছন্দ অনুযায়ী উপভোগ করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমা দেখা। সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে গত কয়েক যুগ ধরে রাজত্ব করছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দর্শক আগ্রহের শীর্ষে থাকা অনুষ্ঠানটি এবারও ব্যতিক্রম হচ্ছে না।
বরাবরই নির্মাতা হানিফ সংকেত চিরায়ত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে দর্শক প্রত্যাশা পূরণের চেষ্টা করেন। ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজন দিয়ে। কালজয়ী গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’ দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।
এরপর থাকছে তারকা সংগীতশিল্পীদের কণ্ঠে দেশাত্মবোধকসহ বিভিন্ন ধাঁচের গান। আর বিশেষ আকর্ষণ হিসেবে অর্ধশত নৃত্যশিল্পীর অংশগ্রহণে এক জমকালো নাচ তো থাকছেই।
এবারও অন্যসব পর্বের মতো সামাজিক বিভিন্ন অসংগতি ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হবে ‘ইত্যাদির বিভিন্ন নাট্যাংশে। পাশাপাশি মিউজিক্যাল ড্রামা, দর্শক পর্ব এবং বিদেশিদের অংশগ্রহণে একটি ব্যতিক্রম পর্বও থাকবে।
নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে। ঈদের পরদিন রাত সাড়ে ৮টায় একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে বিনোদনমূলক এই অনুষ্ঠানটি দেখতে পারবেন দর্শকরা।


