রমজানে রকমারি খাবার রাখা হয় ইফতারি ও সাহরিতে। দিনভর পানাহার থেকে বিরত থাকার কারণে সন্ধ্যায় কিংবা ভোরে নানা আয়োজন করা হয়। এতে মুখরোচক বিভিন্ন খাবার থাকলেও কিছু খাবার শরীরের জন্য ক্ষতি
করে। যা তাৎক্ষণিক বুঝতে না পারলেও পরবর্তীতে স্পষ্ট অনুভব করা যায়।
রমজানে চাইলে সহজেই এমন কিছু রেসিপি তৈরি করা যায়, যা শরীর ও মনের জন্য জন্য উপকারী। এর মধ্যে একটি স্বাস্থ্যকর পানীয় হচ্ছে হানি অ্যাপেল মিল্কশেক। পুষ্টিকর এই রেসিপিটি চ্যানেল 24 অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরেছেন শেফ সঞ্চিতা দাস। তিনি বলেন, আঁশসমৃদ্ধ আপেল হজম প্রক্রিয়া ভালো রাখে। মধু হচ্ছে প্রাকৃতিক মিষ্টি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং দুধ হচ্ছে ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস, যা হাড় মজবুত করে। তাহলে রেসিপিটি জেনে নেয়া যাক-
উপকরণসমূহ:
- ইউএইচটি দুধ ১৫০ মি. লি.,
- টাটকা আপেল ১৫০ গ্রাম (প্রায় ১টি,
- খোসা ছাড়ানো ও কুচি করা), মধু ২০ মি. লি. (স্বাদ অনুযায়ী কম–বেশি করা যায়),
- ভ্যানিলা আইসক্রিম ৫০ গ্রাম বা ১ স্কুপ এবং বরফ ১০০ গ্রাম।
প্রথমে আপেল ভালোভাবে ধুয়ে খোসাসহ বা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর ব্লেন্ডারের জারে ইউএইচটি দুধ, আপেলের টুকরো, মধু, ভ্যানিলা আইসক্রিম ও বরফ যোগ করতে হবে। সব উপকরণ একসঙ্গে দিয়ে আপেল সম্পূর্ণ মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হলে একটি পরিষ্কার ও ঠান্ডা গ্লাসে ঢেলে পরিবেশন করুন স্বাস্থ্যকর পানীয় হানি আপেল মিল্কশেক।


