উৎসবের দিনগুলোয় নতুন পোশাক, জমকালো মেকআপ আর প্রিয়জনদের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দই আলাদা। কখনো দীর্ঘক্ষণ যানজটে, কখনো ভিড় ঠেলে যাওয়া, আবার কখনো রাত জেগে উৎসব উদ্যাপন সব মিলিয়ে ব্যস্ততায় নিজের যত্ন নেয়ার কথা অনেকেই ভুলে যান। উৎসবের বিদায়ের দিনে হয়তো শেষবারের মতো সাজগোজে কাটছে সময়। কিন্তু এই আনন্দের ফাঁকে ত্বকের ওপর দিয়ে যে ধকল গিয়েছে, তার কথা ভেবেছেন কি?
ঘাম, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, দীর্ঘক্ষণ মেকআপ পরে থাকা এবং অপর্যাপ্ত ঘুমের কারণে ত্বকে দেখা দিতে পারে শুষ্কতা, অতিরিক্ত তৈলাক্ত ভাব কিংবা ব্রণ। তাই উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের যত্নে একটু বাড়তি মনোযোগ দেয়া জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ, ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দরকার পরিচ্ছন্নতা, আর্দ্রতা বজায় রাখা এবং নিজের ত্বকের ধরন অনুযায়ী যত্ন।
- মেকআপ তুলুন, ত্বক পরিষ্কার করুন
উৎসব শেষে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করলেও মেকআপ না তুলে বিছানায় যাওয়া ঠিক নয়। প্রথমে মেকআপ তোলার উপযোগী ক্লিনজার বা মাইসেলার ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করুন। এরপর মৃদু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এতে মেকআপের অবশিষ্টাংশ, ঘাম ও জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে। তবে বারবার মুখ ধোয়া বা জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকুন।
- ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনুন
দীর্ঘক্ষণ বাইরে থাকা এবং বারবার মেকআপ ব্যবহারের পর ত্বক শুষ্ক বা টানটান লাগতে পারে। এ সময় ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং ঘুমের ঘাটতি পূরণে চেষ্টা করুন। ত্বককে দ্রুত সতেজ করার জন্য একসঙ্গে অনেক নতুন প্রসাধনী ব্যবহার করার প্রয়োজন নেই।
- ব্রণ থেকে রক্ষা পেতে যা করবেন
ঘাম ও তেল জমে থাকলে কারও কারও ব্রণের সমস্যা বাড়তে পারে। তাই মুখ পরিষ্কার রাখুন, মেকআপের ব্রাশ ও স্পঞ্জও নিয়মিত পরিষ্কার করুন। ব্রণ দেখা দিলে খোঁটাখুঁটি করবেন না। ত্বকে জ্বালা, লালচে ভাব বা অস্বস্তি হলে নতুন প্রসাধনী কিংবা শক্তিশালী এক্সফোলিয়েটিং উপাদান ব্যবহার না করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- শরীর ও চুলের যত্নও জরুরি
শুধু মুখ নয়, বাইরে ঘোরাঘুরির পর শরীর ও চুলের যত্ন নেয়াও প্রয়োজন। গোসল করে ঘাম ও ধুলাবালি পরিষ্কার করুন। শরীরের ত্বক শুষ্ক হলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চুলে অতিরিক্ত হেয়ার স্প্রে বা স্টাইলিং পণ্য ব্যবহার করে থাকলে মৃদু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন।
উৎসবের আনন্দ শেষ হলেও নিজের যত্ন নেওয়ার সময় কিন্তু শেষ হয়নি। উৎসবের ব্যস্ততা পেরিয়ে একটু বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার আর নিয়মিত ত্বকের যত্ন এই ছোট অভ্যাসগুলোই ত্বককে স্বাভাবিক ও সতেজ রাখতে সাহায্য করতে পারে।
সূত্র: ফস্টপোস্ট


