ভাতের সঙ্গে আলুভর্তা, মাছের ঝোলে আলু কিংবা বিকেলের নাশতায় আলুর চপ বাঙালির খাবারের তালিকায় আলুর উপস্থিতি প্রায় প্রতিদিনই। কিন্তু ডায়াবেটিস ধরা পড়ার পর অনেকেই প্রথমে যে খাবারটি বাদ দেয়ার কথা ভাবেন, সেটি হলো আলু। কারণ, প্রচলিত ধারণা হলো আলু খেলেই রক্তে শর্করা বেড়ে যায়। কিন্তু সত্যিই কি ডায়াবেটিস থাকলে আলু একেবারে খাওয়া যাবে না? নাকি রান্নার ধরন ও পরিমাণের ওপর নির্ভর করছে এর প্রভাব?
এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন পুষ্টিবিদ অমিতা গাদরে। তার মতে, আলুতে জটিল কার্বোহাইড্রেট থাকলেও এর প্রধান উপাদান স্টার্চ। এটি দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আলু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
- আলু খেলেই কি বাড়বে রক্তে শর্করা
আলুতে থাকা স্টার্চ দ্রুত ভেঙে শরীরে শর্করা হিসেবে শোষিত হয়। ফলে আলু খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। আলু সেদ্ধ, ভাজা কিংবা অন্য যেভাবেই রান্না করা হোক না কেন, এর স্টার্চের বৈশিষ্ট্য পুরোপুরি বদলে যায় না। এ কারণে ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকায় আলুর পরিমাণ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ অমিতা। অর্থাৎ, আলু একেবারে বাদ দেওয়া সম্ভব না হলেও ইচ্ছেমতো খাওয়ার সুযোগ নেই।
- যেভাবে আলু খাবেন
আলু খাওয়ার ক্ষেত্রে রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা অতিরিক্ত তেলে ভাজা আলুর পরিবর্তে সেদ্ধ, আধাসেদ্ধ, বেক করা বা অল্প তেলে রোস্ট করা আলু তুলনামূলক ভালো বিকল্প। এসব পদ্ধতিতে রান্না করলে অতিরিক্ত তেল ও অস্বাস্থ্যকর চর্বি যোগ হওয়ার আশঙ্কা কমে। তবে মনে রাখতে হবে, আলু সেদ্ধ করলেই সেটি রক্তে শর্করার মাত্রা বাড়াবে না এমন নয়। কারণ রান্নার পদ্ধতি বদলালেও আলুর স্টার্চের প্রভাব পুরোপুরি দূর হয় না।
পুষ্টিবিদের পরামর্শ, আলু খাওয়ার সময় শুধু আলু না খেয়ে সঙ্গে শাকসবজি কিংবা প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। যেমন মাছ, ডিম বা অন্যান্য প্রোটিনের উৎসের সঙ্গে পরিমিত আলু খাওয়া যেতে পারে। খাবারে প্রোটিন ও আঁশযুক্ত সবজি থাকলে কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের প্রভাব সামাল দেয়া তুলনামূলক সহজ হতে পারে। পাশাপাশি একবারে বেশি আলু না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।
- কোন আলু ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক ভালো
সব ধরনের আলুর পুষ্টিগুণ ও গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) এক নয়। পুষ্টিবিদের মতে, মিষ্টি আলু এবং ক্যারিসমা ও নিকোলার মতো মোমের মতো গঠনযুক্ত আলু তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। এসব আলুর গ্লাইসেমিক ইনডেক্স কম এবং সাদা আলুর কিছু জাতের তুলনায় স্টার্চের পরিমাণও কম। অন্যদিকে রাসেটের মতো সাদা আলুতে স্টার্চ বেশি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের আলুর ধরন বেছে নেয়ার ক্ষেত্রেও সচেতন হওয়া প্রয়োজন।
ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলেও আলু খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এ ক্ষেত্রে আলু ভাজার পরিবর্তে সেদ্ধ, বেক বা রোস্ট করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার ও সবজি রাখতে হবে। পরিমাণও রাখতে হবে নিয়ন্ত্রণে। স্বাদ বাড়াতে অতিরিক্ত তেল বা চর্বির বদলে বিভিন্ন ভেষজ উপাদান ও মসলা ব্যবহার করা যেতে পারে।
সব মিলিয়ে, ডায়াবেটিস থাকলেই আলুকে চিরতরে বিদায় জানাতে হবে বিষয়টি এমন নয়। তবে আলু কতটুকু খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং সঙ্গে কী খাচ্ছেন, সেদিকে নজর রাখা জরুরি। ব্যক্তিভেদে রক্তে শর্করার প্রতিক্রিয়াও আলাদা হতে পারে। তাই নিজের রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করাই সবচেয়ে ভালো।
সূত্র: এনডিটিভি


