বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ৭২ রানে হেরে যায় জিম্বাবুয়ে।
সূর্যকুমার যাদবদের ২৫৭ রানের তাড়ায় নেমে জিম্বাবুয়ের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৪ রানে। ম্যাচে ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন রাজা। এই ইনিংসের মধ্য দিয়ে ব্যক্তিগত অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী রাজা। তিনি জিম্বাবুয়ের প্রথম ও বিশ্বের ১৪তম ব্যাটার ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চসহ আরও অনেক তারকা ব্যাটার।
এক ওভারে ৩৬, দুই ওভারে ৫৯ রান দিলেন ভারতীয় পেসার
এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান সংগ্রহ করেছেন রাজা। তার গড় ২৬.২২ এবং স্ট্রাইক রেট ১৩৬.২৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। এছাড়া বোলিংয়ে তার ঝুলিতে রয়েছে ১০৪টি উইকেট। এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেটের বিরল এক ডাবলের কীর্তি গড়লেন রাজা।
রাজার আগে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ২৬ বছর বয়সী ক্রিকেটার ১১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। এদিকে সদ্য হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক নম্বর অবস্থানে ফিরে এসেছেন রাজা। মানে দিনকে দিন তিনি যে বৈশ্বিক কিংবদন্তিতে পরিণত হচ্ছেন, তা না বললেও চলে।


