আগামীকাল রোববার (১৪ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও
পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে খেলা দেখা যাবে আই স্ক্রিন অ্যাপে।
প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে মাত্র ১১৪ রানেই পাকিস্তানকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে নাহিদ রানার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল পাকিস্তানের ব্যাটাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি প্রথমবার ফাইফার তুলে নিয়েছিলেন নাহিদ। পরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটেই জয় তুলে নেয় বাংলাদেশ।
বৃষ্টিস্নাত দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। বড় রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পরে বৃষ্টির কারণে পাহাড়সম লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। সেই পাহাড়ে পিষ্ঠ হয়েছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১১৪ রানে। হেরেছে ১২৮ রানে।
তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ শেষে দাঁড়িয়েছে ১-১ সমতায়। সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের সামনে লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা। যে কারণে টাইগারদের নজর ঘরের মাঠের সিরিজগুলোর দিকে। এটি বিবেচনায় নিলে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
মিরপুরের উইকেট বোলিং সহায়ক—এমন সমালোচনা পুরোনো। চলমান সিরিজে অবশ্য দেখা গেছে ভিন্ন চিত্র। দুই ম্যাচেই ব্যাটিং সহায়ক উইকেটের দেখা মিলেছে। তবে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেননি। এ ম্যাচে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তাদের।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দিয়েছেন তেমন বার্তাই। তিনি বলেন, ‘(দ্বিতীয় ম্যাচে) টপ অর্ডার রান করতে পারেনি। আমার মনে হয়, আমাদের এদিকে নজর দিতে হবে। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। আপনি যদি ভালো শুরু এনে দিতে না পারেন, আপনি লড়াই করতে পারবেন না।’


