মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka
Homeখেলাসেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

প্রকাশ: মার্চ ২৮, ২০২৬ ১০:০৯

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত উত্তেজনাপূর্ণ লড়াই উপহার দিলো বাংলাদেশ ও ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্কে ভরা ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয়। এই ফলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ, আর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল।

শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মূল লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দু’দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে শীর্ষস্থান দখলে রাখতে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না। ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। গোল হজমের পর বাংলাদেশ সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ ও কর্নার আদায় করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন নাজমুল হুদা ফয়সালরা।

প্রথমার্ধের শেষ দিকে মাঠে উত্তেজনা বাড়তে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভারতের হেড কোচ মহেশ গাউলি। একই সময় ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশের কোচ মার্ক কক্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান।

প্রথমার্ধের যোগ করা সময়ের ১০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। কর্নার নিতে গিয়ে প্রথমে নাজমুল হুদা ফয়সাল এগোলেও পরে রোনান সুলিভান দায়িত্ব নেন। তার নেয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ ফাহিম।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের উত্তেজনা কমেনি। দু’দলই পাল্টাপাল্টি আক্রমণে ব্যস্ত ছিল। ৬৩তম মিনিটে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিতে গেলে ইসমাইল দ্রুত এগিয়ে এসে বল কর্নারে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর বক্সের বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের ফাহিম। তবে দোদুমের নেয়া ফ্রি-কিক রক্ষণের দেয়ালে লেগে বাইরে চলে গেলে বিপদ কেটে যায়।

শেষ দিকে বাংলাদেশ আক্রমণে গেলেও জয়সূচক গোল আদায় করতে পারেনি। ফলে ম্যাচটি ১-১ ড্রয়ে শেষ হয়। এই ফলাফলে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। এখন শেষ চারে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠাই লক্ষ্য লাল-সবুজদের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর