মঙ্গলবার, মে ১২, ২০২৬
মঙ্গলবার, মে ১২, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাস্পিনার উসমান তারিক আবার বিতর্কে জড়ালেন

স্পিনার উসমান তারিক আবার বিতর্কে জড়ালেন

প্রকাশ: এপ্রিল ১১, ২০২৬ ৩:১০

পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক আবারও বিতর্কের কেন্দ্রে। এবার তার বোলিংয়ের সময় হঠাৎ থেমে যাওয়ার (পজ) কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

শুক্রবার (১০ এপ্রিল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম রাওয়ালপিন্ডিজ ম্যাচে এই ঘটনা ঘটে। রাওয়ালপিন্ডির হয়ে ব্যাট করছিলেন নিউজিল্যান্ডের তারকা মিচেল। এ সময় বল ছাড়ার ঠিক আগে উসমান তারিক হঠাৎ থেমে গেলে বিভ্রান্ত হয়ে পড়েন মিচেল। প্রথমে হাত তুলে অপ্রস্তুতির ইঙ্গিত দেন, পরে ক্রিজ ছেড়ে সরে দাঁড়ান। কিন্তু ততক্ষণে ডেলিভারি সম্পন্ন করে ফেলেন উসমান, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি মিচেলকে বারবার বোলারের কাজে বিঘ্ন না ঘটানোর বিষয়ে সতর্ক করেন। পরে উভয়পক্ষ শান্ত হয়।

ঘটনাটি নিয়ে হতাশা প্রকাশ করেন ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, এটা আম্পায়ারদেরই সমাধান করতে হবে। ব্যাটারকে প্রস্তুত থাকতে হবে এবং পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ম্যাচ শেষে নিজের অবস্থান পরিষ্কার করেন উসমান তারিক। তিনি জানান, মিচেল যখন সরে যায়, আমি কারণ জানতে চাই। সে বলে আমি বিরতি নিচ্ছি। আমি বলি, আমি দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থবারও এভাবে থামতে পারি। এটি আমার অ্যাকশনের অংশ।

উল্লেখ্য, এর আগেও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আপত্তি জানান ক্যামেরন গ্রিন। এমনকি পিএসএলেও তার বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ ওঠে। পরে আম্পায়ারদের নির্দেশে বায়োমেকানিক্যাল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন এই অফস্পিনার।

নিজের বোলিং নিয়ে উসমানের দাবি, তার হাতে জৈবিক কারণে স্বাভাবিকভাবেই কিছুটা বাঁক রয়েছে, যা অনেকেই ভুলভাবে সন্দেহ করেন।

এদিকে তার পক্ষে কথা বলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ব্যাটাররা সুইচ হিট বা রিভার্স শট খেলতে পারে, কিন্তু বোলারদের ওপরই বেশি বিধিনিষেধ কেন? ক্রিজে ‘পজ’ যদি তার স্বাভাবিক অ্যাকশনের অংশ হয়, তাহলে সেটি বৈধ হওয়া উচিত।

ঘটনাটি ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে বোলিং অ্যাকশন ও ক্রিকেটের নিয়মকানুন, যা নিয়ে ভবিষ্যতে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠছে ক্রিকেটবিশ্বে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর