আইপিএলের ইতিহাসে যা আগে কেউ করতে পারেননি, সেটাই করে দেখালেন হেনরিখ ক্লাসেন। টি-টোয়েন্টি ক্রিকেটে চার নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন এই দক্ষিণ আফ্রিকান তারকা। ক্লাসেনের আগে কোনো ব্যাটারই ৬০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। অথচ ক্লাসেনের সামনে এখনও আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তথ্য ইএসপিএন ক্রিকইনফোর।
তবে পরিসংখ্যান বলছে, এবারের আইপিএলেও ক্লাসেনকে তার সবচেয়ে বিধ্বংসী রূপে দেখা যায়নি। চার বা তার নিচে নেমে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিশাভ পান্ত ২০১৮ সালের আইপিএলে ৫৭৯ রান করেছিলেন ১৭৫.৯৮ স্ট্রাইক রেটে। তখন চার থেকে সাত নম্বরে নামা ব্যাটারদের সম্মিলিত স্ট্রাইক রেট ছিল ১৪০.৩৬। আট বছর পর এবারের আইপিএলে সেই গড় বেড়ে হয়েছে ১৪৮.৪। সেখানে ক্লাসেনের স্ট্রাইক রেট মাত্র ১৫৯.৪৭।
এর পেছনে অবশ্য বেশ কিছু কারণ রয়েছে। ক্লাসেন এমন এক দলে ব্যাট করেন, যেখানে ওপেনিং ও টপ অর্ডার লিগেরই সবচেয়ে ভয়ংকর। অন্যদিকে নিচের মিডল অর্ডার এখনও অনভিজ্ঞ ও অনির্ভরযোগ্য। ফলে দলের প্রয়োজন ছিল এমন একজন ব্যাটার, যিনি মাঝের ওভারে স্থিতি ও ধারাবাহিকতা এনে দিতে পারবেন। ক্লাসেন সেই দায়িত্ব সফলভাবেই পালন করেছেন। শুধু তাই নয়, নিয়মিত চার নম্বরে নামা ব্যাটারদের মধ্যে রজত পাটিদার ছাড়া আর কারও চেয়ে ধীরগতির ছিলেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ক্লাসেনের ফর্মও খুব একটা ভালো ছিল না। আইপিএলের আগে কাটিয়েছেন বাজে সময়। তবে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক এই লিগে গিয়ে ছন্দে ফিরেছেন এই তারকা। শুরুতে কিছুটা সময় নিয়ে খেললেও টুর্নামেন্টের শেষ দিকে এসে বিধ্বংসী হয়ে উঠেছেন তিনি।
মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন ক্লাসেন। তবে শুক্রবার হায়দরাবাদে বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংসটিই যেন ক্লাসেনের প্রকৃত শক্তির জানান দিল। ধীর শুরুর পর শেষ ১৫ বলে ৪৬ রানের বিস্ফোরক ঝড় তুলে আবারও প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়িয়েছেন তিনি।


