বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.7 C
Dhaka
Homeখেলাসূর্যবংশী রেকর্ডবই এলোমেলো করলেন নতুন করে

সূর্যবংশী রেকর্ডবই এলোমেলো করলেন নতুন করে

প্রকাশ: জুলাই ২৩, ২০২৬ ১০:৩৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতক হাঁকিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।

সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। হারারেতে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান তোলে। জবাবে ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সূর্যবংশীর চতুর্থ ম্যাচ। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ইনিংসে যথাক্রমে ১৪, ১৩ ও ১৫ রান করলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেই হতাশা এক ঝলকেই মুছে দেন ১৫ বছর বয়সী এই ওপেনার।

এই ইনিংসের সুবাদে একসঙ্গে তিনটি বিশ্বরেকর্ড গড়েছেন সূর্যবংশী। এর মধ্যে একটি রেকর্ড ভেঙেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের, যা ১৯৮৯ সাল থেকে অক্ষুণ্ন ছিল।
২৩ জুলাই ২০২৬ অনুযায়ী সূর্যবংশীর বয়স ১৫ বছর ১১৮ দিন। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্যভুক্ত দেশের হয়ে প্রথম অর্ধশতক করা সবচেয়ে কমবয়সী ক্রিকেটার এখন তিনিই। তথ্য এনডিটিভির।

  • টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অর্ধশতক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার
  • ১৫ বছর ১১৮ দিন — বৈভব সূর্যবংশী (ভারত), বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২৬
  • ১৬ বছর ৫৬ দিন — লুইস ব্রুস (জিব্রাল্টার), মাল্টার বিপক্ষে, ২০২১
  • ১৬ বছর ৭৬ দিন — কাভিন চাড্ডা (ইন্দোনেশিয়া), সুইডেনের বিপক্ষে, ২০২৬
  • ১৬ বছর ৮৯ দিন — আলুসিনে তুরাই (সিয়েরা লিওন), ঘানার বিপক্ষে, ২০২৩
  • ১৬ বছর ১১৮ দিন — তেনজিন রাবগে (ভুটান), চীনের বিপক্ষে, ২০২৩

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, পূর্ণ সদস্যভুক্ত দেশের ক্রিকেটারদের মধ্যে আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজের। তিনি ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ বছর ২৯৬ দিন বয়সে টি-টোয়েন্টিতে অর্ধশতক করেছিলেন।

  • পূর্ণ সদস্যভুক্ত দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার
  • ১৫ বছর ১১৮ দিন — বৈভব সূর্যবংশী (ভারত), জিম্বাবুয়ের বিপক্ষে, টি-টোয়েন্টি, ২০২৬
  • ১৬ বছর ২১৩ দিন — শচীন টেন্ডুলকার (ভারত), পাকিস্তানের বিপক্ষে, টেস্ট, ১৯৮৯
  • ১৬ বছর ২১৪ দিন — শহীদ আফ্রিদি (পাকিস্তান), শ্রীলঙ্কার বিপক্ষে, ওয়ানডে, ১৯৯৬
  • ১৭ বছর ৩৯ দিন — মুশতাক মোহাম্মদ (পাকিস্তান), ভারতের বিপক্ষে, টেস্ট, ১৯৬০
  • ১৭ বছর ৬৩ দিন — মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ), শ্রীলঙ্কার বিপক্ষে, টেস্ট, ২০০১

এছাড়া পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে (পূর্ণ সদস্য ও সহযোগী; উভয় দেশের ক্রিকেটার মিলিয়ে) ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটারও এখন সূর্যবংশী।

এর আগে ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক করা একমাত্র ক্রিকেটার ছিলেন নেপালের কুশল মাল্লা। তিনি ২০২০ সালে কির্তিপুরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। সূর্যবংশী সেই রেকর্ডও ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর