স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের এক মাস পর সমর্থকদের নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্বের জবাব দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আবেগঘন এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপে দলের পথচলা, ফাইনালে ওঠার সংগ্রাম এবং শেষ পর্যন্ত হারের পরও খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করেছে সংস্থাটি।
ফাইনালে হারের পর আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। লিওনেল মেসির ড্রেসিংরুমের একটি ভিডিও, ম্যাচের আগে ও পরে খেলোয়াড়দের আচরণসহ নানা বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন ‘ষড়যন্ত্র তত্ত্ব’। তবে শুরু থেকেই এসব দাবি উড়িয়ে দিয়েছিল এএফএ।
নতুন ভিডিওতে বিশ্বকাপে আর্জেন্টিনার একের পর এক ম্যাচ পেরিয়ে ফাইনালে ওঠার স্মৃতি তুলে ধরা হয়। ভিডিওর ধারাভাষ্যে বলা হয়, এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি। আর্জেন্টিনা আবারও একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সত্যিটা হলো, এটা ঘটেছিল।
ভিডিওতে আরও বলা হয়, প্রতিটি কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার কথাও তুলে ধরা হয়েছে সেখানে।
বিশ্বকাপ ফাইনালের পর ছড়িয়ে পড়া আর্জেন্টিনাবিরোধী প্রচারণা ও নানা সন্দেহের প্রসঙ্গ টেনে এএফএ বলেছে, ‘আর্জেন্টিনাবিরোধী যত প্রচারণাই থাকুক না কেন, আমরা একই অবস্থানে পৌঁছেছিলাম। তাই কেউ যখন আপনাকে বলে, কিছু একটা ঘটেছিল, আপনি বলতে পারেন হ্যাঁ, ঘটেছিল। ঘটেছিল এমন একটি দলের, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল। যারা শেষ পর্যন্ত লড়াই করেছে, কখনও হাল ছাড়েনি। যারা সবকিছু জিতেছিল, কিন্তু এবার তাদের হারতে হয়েছে।
ভিডিওর শেষদিকে রাখা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রানার্সআপ পদক গ্রহণের পর কান্নার দৃশ্য। সেই মুহূর্তে শোনা যায়, আমাদের অধিনায়কের চোখের জল আবারও আমাদের দেখিয়েছে আপনি জিততে পারেন, হারতেও পারেন। কিন্তু যাই ঘটুক না কেন, একটি কাজ আপনি করতে পারেন না, চেষ্টা থামিয়ে দিতে পারেন না।
ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে পৌঁছানোর সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের গম্ভীর দেখাচ্ছিল। আবার গ্যালারিতে দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলারদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়।
কেউ কেউ দাবি করেন, মাঠে নামার আগে মেসি নাকি খেলোয়াড়দের বলেছিলেন, সবকিছু ভুলে যাই। এনজো ফার্নান্দেজের হলুদ কার্ড নিয়েও তৈরি হয় নানা সন্দেহ। এমন অসংখ্য তত্ত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
তবে আর্জেন্টিনা দলের খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সবাই এসব দাবি নাকচ করেছেন। তাপিয়া সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তায় বলেন, কোনো মিথ্যা তথ্য বা অপপ্রচারে কান না দিতে।
তিনি লিখেছিলেন, কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না, যা কেবল আমাদের অস্থিতিশীল করতেই তৈরি করা হয়েছে। যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের বিভাজিত করার চেষ্টা বন্ধ করুন। আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে সেরা ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্যভাবে জয়ী হয়েছে।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও এএফএ’র নতুন ভিডিওর মূল বার্তা একটাই হার মানে পথচলার শেষ নয়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়াই আর্জেন্টিনার এই দলের সবচেয়ে বড় পরিচয়।


