Friday, November 20, 2026
Friday, November 20, 2026
23 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরানের হামলার ভয়ে,যুক্তরাষ্ট্র ব্রিটিশ বিমানঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে বোমারু বিমান

ইরানের হামলার ভয়ে,যুক্তরাষ্ট্র ব্রিটিশ বিমানঘাঁটি থেকে সরিয়ে নিয়েছে বোমারু বিমান

প্রকাশ: October 6, 2026 6:27

ইরানের হামলার আশঙ্কায় ব্রিটেনে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলা বা নাশকতার হুমকি পাওয়ার পর প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হুমকিটি ঠিক কার কাছ থেকে এসেছিল, তা স্পষ্ট করেননি তিনি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ব্রিটেনে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান সরিয়ে নেয়ার কারণ হিসেবে ‘কিছু হুমকির’ কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত রোববার পেন্টাগন নিশ্চিত করে যে ব্রিটিশ এই ঘাঁটিতে থাকা বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেয়া হয়েছে।

পরে নেব্রাস্কার উদ্দেশে রওনা হওয়ার সময় স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওই ঘাঁটির বিষয়ে একটি ‘হুমকি’র কথা যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত। এ কারণেই বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে।

যদিও সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছিলেন, আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ রয়েছে। এ সময় তিনি গত সপ্তাহে ট্রাম্পের দেয়া বক্তব্যের কথাও উল্লেখ করেন। তখন ঘাঁটিটির নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের ‘পুলিশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থাগুলোর’ প্রশংসা করেছিলেন ট্রাম্প।

অবশ্য ট্রাম্পের বক্তব্যে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সত্যতা আরও জোরালো হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন একটি হুমকির কারণে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দেখে পুলিশকে খবর দেয়া হয়েছিল।

সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, কোনো ‘নির্দিষ্ট হুমকির’ কারণে বোমারু বিমানগুলো ঘাঁটি থেকে সরিয়ে নেয়া হয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি আমরা সেটা বলতে পারি। তারা দুর্ঘটনাবশত উড়ে যায়নি।’

তিনি বলেন, ‘কিছু হুমকি ছিল। আর শত্রুকে প্ররোচিত করার চেয়ে আমরা শত্রুকে আটক করব এবং পরাজিত করব। তাহলে কেন আমরা তাদের (বোমারু বিমান) সেখানে রেখে যাব? তাই আমরা সেগুলো কিছুটা সরিয়ে নিয়েছি। খুব বেশি দূরে নয়।’

ট্রাম্প আরও বলেন, ‘যারা এই হুমকি দিয়েছে, ওয়াশিংটন তাদের আসলে চেনে’। তবে তারা কারা, তা তিনি জানাননি।

বিবিসি বলছে, আরএএফ ফেয়ারফোর্ড থেকে বিমান সরিয়ে নেয়ার পেছনে ঠিক কী ধরনের হুমকি ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে ওয়াশিংটনের কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে আবারও সংঘাত শুরু হলে স্পর্শকাতর ও ব্যয়বহুল এসব বিমানে নাশকতা চালানোর চেষ্টা কিংবা হামলার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়ে থাকতে পারে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র গত বছরের জুনে ইউক্রেনের ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর কথা উল্লেখ করে। ওই অভিযানে রাশিয়ার পাঁচটি ঘাঁটিতে গোপনে ড্রোন হামলা চালানো হয়েছিল। সূত্রটি বলেছে, অনেক দূর থেকেও কোনো শত্রুপক্ষ কী করতে পারে, এটি ছিল তারই একটি উদাহরণ।

সূত্রটি বলেন, ‘তারা যে কারণই মনে করে থাকুক না কেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছিল।’

অবশ্য ট্রাম্প ও এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের বড় পার্থক্য দেখা গেছে। ট্রাম্প ও ভ্যান্স দুজনই একটি অজ্ঞাত হুমকির কথা বলেছেন। তবে রুবিও এ বিষয়ে অনেক বেশি সতর্ক ছিলেন। তিনি বলেন, সামরিক ইউনিট ও সামরিক সরঞ্জাম বিশ্বের বিভিন্ন জায়গায় সরিয়ে নেয়া বা ঘাঁটি বদল করা ‘অস্বাভাবিক কিছু নয়’।

গ্লুচেস্টারশায়ারের কটসওল্ডসে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির এই ঘটনা নিয়ে সন্ত্রাসবিরোধী পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রথমে পাঁচজনকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জামিনে ছেড়ে দেয়া হয়। এরপর যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাকেও পরে জামিনে ছেড়ে দেয়া হয়েছে।

এর মধ্যে প্রথম পাঁচজনকে ছেড়ে দেয়ার পর ট্রাম্প এ সিদ্ধান্তের সমালোচনা করেন। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দেন, ওই ঘটনায় ইরান জড়িত থাকতে পারে।

এদিকে সোমবার ট্রাম্পের বক্তব্যের আগে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, গত সপ্তাহের ঘটনা এবং আরএএফ ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নেয়ার সিদ্ধান্তের মধ্যে তিনি সরাসরি কোনো যোগসূত্র স্থাপন করতে চান না।

তিনি বলেন, ‘মহড়ার কারণে, নতুন করে মোতায়েনের কারণে, কর্মীদের পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক সরঞ্জাম সরানো অস্বাভাবিক কিছু নয়। নতুন কর্মী আসতে পারেন, নতুন বিমান আসতে পারে এবং পুরোনো বিমান চলে যেতে পারে।’

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখনো তাদের সব ঘাঁটির নিরাপত্তা নিয়ে পূর্ণ আস্থা রাখে। ওই ঘটনার পর ব্রিটিশ কর্তৃপক্ষও খুব সহযোগিতা করেছে বলে জানান তিনি।

অবশ্য পরে ভ্যান্স বলেন, ‘অতিরিক্ত সতর্কতার’ কারণে বোমারু বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটনের মনে হচ্ছে ইরান গত ৪৯ বছর ধরে যুক্তরাষ্ট্র ও আরও অনেক দেশের বিরুদ্ধে যে ধরনের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে আসছে, তারা সেটিই করছে।

আরএএফ ফেয়ারফোর্ডের ঘটনার কয়েক দিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ওই ঘটনায় ইরানের জড়িত থাকার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। রুবিওও বলেছিলেন, ঘটনায় ‘স্পষ্টভাবেই কোনো বিদেশি পক্ষের হাত ছিল’। তিনিও এ বিষয়ে বিস্তারিত জানাননি।

তেহরান অবশ্য এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। যদিও গত জুলাইয়ে ইরান বলেছিল, ‘ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহৃত যেকোনো ঘাঁটি আমাদের বাহিনীর জন্য বৈধ লক্ষ্য।’

প্রসঙ্গত, উইলফোর্ড গ্রামের কাছে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড কয়েক দশক ধরে মার্কিন বিমানবাহিনীর কার্যক্রম পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে বি-১ ও বি-৫২ বোমারু বিমান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করেছে। ইরানের বিরুদ্ধে হামলার জন্য ঘাঁটিটি ব্যবহারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের অনুরোধ অনুমোদন করার পর এসব বিমান সেখান থেকে পরিচালনা করা হয়।

অবশ্য প্রতিরক্ষা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষণা বিশ্লেষক ক্রিস্টোফ বার্গস রয়টার্সকে বলেন, আরএএফ ফেয়ারফোর্ড থেকে বিমানগুলো সরিয়ে নেয়ায় ইরানের বিরুদ্ধে ‘দ্রুত বড় পরিসরে বিমান হামলা চালানোর’ যুক্তরাষ্ট্রের সক্ষমতা কমবে এবং এতে হুমকির মাত্রা কিছুটা কমতে পারে।

তবে তিনি বলেন, লন্ডন ঘাঁটিটি শুধু প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়ায় এমনিতেই এর ব্যবহার সীমিত ছিল।

বার্গস আরও বলেন, বিমানগুলোকে দিয়েগো গার্সিয়া অথবা উপসাগরীয় অঞ্চলের কোনো ঘাঁটিতে পাঠানো হতে পারে। এতে আকাশে থাকা অবস্থায় অন্য বিমান থেকে জ্বালানি নেয়ার প্রয়োজন কমবে। তবে এ সিদ্ধান্ত নির্ভর করবে ঘাঁটিগুলোর সক্ষমতা, মিত্রদের সঙ্গে আলোচনা এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর