শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইরানে অবস্থানরত এসব বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। বিষয়টির তদারকি করবেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এম আমানুল হক।
এদিকে ১২ দিন পর সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত ৮ মার্চ সৌদি আরবের আলখারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলায়। বাবার নাম মো. সূরজত আলী।
অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সুরক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের পর এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমরা সবার পাশে আছি। বর্তমানে যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশি ভাই-বোনরা আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব।
মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে বাংলাদেশিদের ফেরোনা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে আনা হবে। আমাদের প্রস্তুতি আছে। যারা ফেরত আসতে চায় আমরা তাদের ফেরত নিয়ে আসব, আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।


