বুধবার, এপ্রিল ৮, ২০২৬
বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka
Homeআন্তর্জাতিকইরানের দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি 

ইরানের দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি 

প্রকাশ: এপ্রিল ৪, ২০২৬ ৯:৪৫

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, একটি বিমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালি এলাকায় ভূপাতিত হয়।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। পরে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি এ-১০ মার্কিন যুদ্ধবিমানকেও লক্ষ্য করে আঘাত করেছে, যা উপসাগর এলাকায় বিধ্বস্ত হয়েছে। খবর আল জাজিরার।

তবে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ-১০ বিমানের পাইলট দুর্ঘটনার পর নিরাপদে রয়েছেন। অন্যদিকে, এফ-১৫ বিমানের অন্তত একজন পাইলটের ভাগ্য এখনও অজানা। বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, একজনকে উদ্ধার করা হলেও আরেকজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই ঘটনা ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, না, মোটেও না। এটা যুদ্ধ—আমরা যুদ্ধে আছি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভূপাতিত এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষ এবং একটি প্যারাস্যুটসহ ইজেকশন সিটের ছবি প্রচার করা হয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবফ সামাজিকমাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন।

ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অতীতে এ ধরনের ইরানি দাবিকে দ্রুত অস্বীকার করলেও এবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের নিখোঁজ পাইলটদের খোঁজে সহযোগিতার আহ্বান জানিয়েছে এবং তাদের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর