শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলারে পৌঁছেছে। দেশটির অর্থনীতির বড় একটি অংশকে সচল রাখা এই জ্বালানির দামে নতুন এ রেকর্ডকে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। এনবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
মোটর ক্লাব এএএ’র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ডিজেলের জাতীয় গড় দাম ছিল ৬ দশমিক ০৫ ডলার। এদিন সাধারণ পেট্রোলের জাতীয় গড় দাম ছিল ৪ দশমিক ২৯ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১৫ সেন্ট বেশি। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ডিজেলের গড় দাম বেড়েছে ৬০ শতাংশ।
কেপিএমজি’র প্রধান অর্থনীতিবিদ ডায়ান সোয়াঙ্ক সম্প্রতি বলেন, ‘ডিজেলের খরচ প্রায় সবকিছুর দামেই প্রভাব ফেলে। কৃষিকাজ পরিচালনা থেকে শুরু করে খাদ্যের দাম, এমনকি অর্থনীতির এমন সব পণ্য, যা পরিবহন করা হয়—সবকিছুর ওপর এর প্রভাব রয়েছে। ডিজেলের দাম বাড়লে সবকিছুর মূল্যের সঙ্গে অতিরিক্ত একটি খরচ যুক্ত হয়ে যায়।’
একইসঙ্গে ডিজেলের উচ্চ দাম আগামী কয়েক মাস ধরে মূল্যস্ফীতির সমস্যা তৈরি করবে বলেও জানান তিনি। জুলাইয়ের শেষ দিক থেকে সামগ্রিকভাবে দেশটিতে পেট্রোলের তুলনায় ডিজেলের দাম আরও দ্রুত ও বেশি হারে বাড়ছে।
এর কারণ হিসেবে বলা হচ্ছে, ডিজেল উৎপাদনকারী গুরুত্বপূর্ণ কিছু শোধনাগার পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অচল হয়ে পড়েছে বা ধ্বংস হয়েছে। এছাড়া পূর্ব ইউরোপে এখনো চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
চলতি বছরের শুরু থেকে সব ধরনের জীবাশ্ম জ্বালানি হরমুজ প্রণালির অবরোধে প্রভাবিত হলেও অপরিশোধিত তেল ও সাধারণ পেট্রোলের তুলনায় ডিজেলের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। কারণ বৈশ্বিক সরবরাহে রাশিয়ার শোধনাগারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
রাশিয়া সাধারণত যুক্তরাষ্ট্র ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় বেশি ডিজেল রপ্তানি করে। তবে ইউক্রেনীয় ড্রোন হামলায় দেশটির শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় জুলাইয়ে ব্যাপক ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয় রুশ সরকার। এ নিষেধাজ্ঞা অন্তত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বহাল থাকবে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিজেলের দাম বাড়ার কারণে যুক্তরাষ্ট্রে মুদি পণ্যের দাম বিশেষভাবে প্রভাবিত হতে পারে। গরুর মাংসের উচ্চ দামের কারণে অনেক সুপারমার্কেট ইতোমধ্যে খুব কম মুনাফায় ব্যবসা করছে। তবে শুধু সুপারমার্কেট নয়, পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থাজুড়েই ডিজেলের বাড়তি খরচের প্রভাব পড়বে। এর শুরু হবে কৃষকদের কাছ থেকে। গ্যালনপ্রতি ৬ ডলারের ডিজেলের দাম সার সংকটের চাপে থাকা কিছু মার্কিন কৃষকের টিকে থাকার লড়াইকেও আরও কঠিন করে তুলবে।


