বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
20 C
Dhaka
Homeআন্তর্জাতিকএকটি নিষিদ্ধের দাবি, অন্যটি ভাইরাল—পাকিস্তানের দুই নাটক ঘিরে ভারতে তোলপাড়

একটি নিষিদ্ধের দাবি, অন্যটি ভাইরাল—পাকিস্তানের দুই নাটক ঘিরে ভারতে তোলপাড়

প্রতিবেদক :জনতামেইল ডেস্কঃ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫২

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রা পায়। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামের বৈসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক ও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দা নিহত হন। এ ঘটনার পর ভারতে পাকিস্তানবিরোধী মনোভাব জোরালো হয়ে ওঠে। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও এর প্রভাব পড়ে। পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক কনটেন্ট বয়কটের দাবি ওঠে সামাজিক মাধ্যমে।

সম্প্রতি পাকিস্তানি বিনোদন জগতের দুটি পৃথক ঘটনা ঘিরে সেই উত্তেজনা আবারও সামনে এসেছে। একটি হলো নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ সামেট লো’। অন্যটি জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-এ-নিজাত’-এর দর্শকদের নিয়ে দিল্লির একটি ক্যাফেতে আয়োজিত পেইড ওয়াচ পার্টি।

দুটি ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক

বিতর্কের শুরু নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ সামেট লো’-এর প্রচারণামূলক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে। পোস্টারে জানানো হয়েছে, সিরিজটি আগামী ৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট প্রচারের ওপর বিদ্যমান বিধিনিষেধের বিষয়টি সামনে এনে সিরিজটির প্রচারণা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।

নেটফ্লিক্স এখনো ভারতে সিরিজটির মুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে সিরিজটির মূল পোস্টার ও অভিনয়শিল্পীদের পরিচিতি প্রকাশ করা হয়েছে নেটফ্লিক্সের মেনা, যুক্তরাজ্য ও গোল্ডেন অঞ্চলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে।

সিরিজটিতে পাকিস্তানের জনপ্রিয় একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, মায়া আলী, বিলাল আশরাফ ও খুশহাল খান।

এদিকে সিরিজটির প্রচারণা নিয়ে বিতর্ক বাড়লে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে দেশটিতে সিরিজটির সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানায়।

সংগঠনটি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা একটি পরামর্শের কথা উল্লেখ করে। পহেলগাম হামলার পর জারি করা ওই পরামর্শে ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা কনটেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং সেগুলোর প্রচার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতে পাকিস্তানি কনটেন্টের অনুমতি দেওয়া উচিত নয়। তাদের কনটেন্টের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু এর সঙ্গে অর্থনৈতিক বিষয় জড়িত। কোনোভাবেই তাদের বিনোদনশিল্পকে ভারতীয় দর্শকের মাধ্যমে আয় করার সুযোগ দেওয়া যায় না।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। অসাধারণ! জয় হিন্দ।’

এ ছাড়া ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালে পাকিস্তানি কয়েকজন জনপ্রিয় শিল্পীর দেওয়া বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। পহেলগাম হামলার জবাবে ভারতীয় সামরিক অভিযানের পর ফাওয়াদ খান ও মাহিরা খানের কিছু মন্তব্যকে ভারতবিরোধী হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ।

ফাওয়াদ খান ওই হামলাকে ‘লজ্জাজনক’ এবং মাহিরা খান একে ‘কাপুরুষোচিত হামলা’ বলে মন্তব্য করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে সিরিজটির প্রচারণামূলক পোস্টার ও অন্যান্য উপকরণ নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।

তবে এর বিপরীতে আরেকটি পক্ষের প্রশ্ন, বয়কটের ডাক দিয়ে আদৌ কি দর্শকদের পাকিস্তানি কনটেন্ট দেখা বন্ধ করা সম্ভব? তাদের মতে, নিষেধাজ্ঞা বা সমালোচনা সত্ত্বেও আগ্রহী দর্শকেরা এসব কনটেন্ট দেখবেন। শেষ পর্যন্ত সিরিজটির ভাগ্যে কী ঘটবে, তা সময়ই বলে দেবে।

দিল্লির ক্যাফেতে ‘দার-এ-নিজাত’ নাটকের ওয়াচ পার্টি ঘিরে বিতর্ক

একই সময়ে পাকিস্তানের আরেকটি জনপ্রিয় নাটক ‘দার-এ-নিজাত’ নিয়েও ভারতের সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। শেহরিয়ার মুনাওয়ার, দুর-ই-ফিশান সেলিম ও নামির নওয়াজ খান অভিনীত নাটকটি ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা।

নাটকটি পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত হয়েছে। পাশাপাশি ইউটিউবেও এটি দেখা যাচ্ছে। ভারতে পাকিস্তানি কনটেন্টের ওপর বিধিনিষেধ থাকা সত্ত্বেও দেশটির অনেক দর্শক ইউটিউবের মাধ্যমে নাটকটি দেখছেন।

বিতর্কের সূত্রপাত হয় দিল্লির একটি ক্যাফেতে নাটকটির ভক্তদের নিয়ে আয়োজিত একটি ওয়াচ পার্টির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ভক্ত একসঙ্গে বসে নাটকটি উপভোগ করছেন।

এ আয়োজন নিয়েও সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এমন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ ভারতে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা এখনো অটুট থাকার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দিল্লিতে পাকিস্তানি নাটক দার-এ-নিজাতের ভক্তদের মিলনমেলা আয়োজন করা হয়েছে। সেখানে বেশির ভাগই নারী ছিলেন। ভারতীয়রা এত সহজে সবকিছু ভুলে যায় কীভাবে? পাকিস্তানি বিনোদনশিল্পকে সমর্থন করা হচ্ছে কেন?’

আরেকজন লিখেছেন, ‘মানুষ এত সহজে সবকিছু ভুলে যায়! যে দেশ এত হামলার জন্য দায়ী, সেই দেশের নাটক দেখছে এবং তাদের সাংস্কৃতিক প্রভাবকে সমর্থন করছে—এটা বিশ্বাস করা কঠিন।’

আরেক মন্তব্যে বলা হয়েছে, ‘আমাদের লজ্জা হওয়া উচিত। তারা কীভাবে ভুলে যায়, তাদের দেশের তারকারা আমাদের দেশকে কাপুরুষ বলেছে? এসব ভিডিও ও ছবি দেখলে মন ভেঙে যায়।’

কেউ কেউ আবার ভারতে পাকিস্তানি সব ধরনের কনটেন্ট নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।

তবে এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন দর্শক লিখেছেন, ‘দিল্লিতে স্ক্রিনিং! জনপ্রিয়তা যে কতটা, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

অন্যদিকে, পাকিস্তানেও নাটকটি নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষ করে চরিত্রের উপস্থাপন ও কাহিনির বিভিন্ন দিক নিয়ে আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ। কেউ কেউ নাটকটিকে ‘ইনসেস্ট ড্রামা’ বলেও সমালোচনা করেছেন।

এখন পর্যন্ত নেটফ্লিক্সের সিরিজটি ভারতে মুক্তি পাবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। একইভাবে দিল্লির ক্যাফেতে ‘দার-এ-নিজাত’-এর ওয়াচ পার্টি আয়োজন নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওই আয়োজনে নাটকটির পরিচালক সাকিব খানের সঙ্গে ভার্চ্যুয়াল প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।

রাজনীতির বাইরে বিনোদন, নাকি সাংস্কৃতিক প্রভাবের লড়াই?

পাকিস্তানের এই দুটি নাটক ঘিরে বিতর্ক আবারও ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে।

একদিকে রয়েছে পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে বয়কট ও নিষেধাজ্ঞার দাবি, অন্যদিকে ভারতীয় দর্শকদের একটি অংশের মধ্যে পাকিস্তানি নাটক ও শিল্পীদের প্রতি আগ্রহ এখনো বিদ্যমান।

রাজনৈতিক উত্তেজনা ও সাংস্কৃতিক বিভাজনের মধ্যেও দর্শকেরা কীভাবে বিনোদন বেছে নিচ্ছেন, নিষেধাজ্ঞা কতটা কার্যকর হচ্ছে এবং সামাজিক মাধ্যমে বয়কটের আহ্বান আদৌ দর্শকদের ওপর কতটা প্রভাব ফেলছে—এসব প্রশ্নই নতুন করে আলোচনায় এসেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর