বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
25 C
Dhaka
Homeজীবনযাপনএই ৪ খাবার,টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধে এড়িয়ে চলুন 

এই ৪ খাবার,টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধে এড়িয়ে চলুন 

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৪০

ডায়াবেটিসের মধ্যে টাইপ-২ ধরন এড়াতে অনেকেই নানা উপায় অবলম্বন করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে চিনি বা সুগার কমানো। চিনিজাতীয় খাবার না কেনা এবং খাদ্যতালিকা থেকে বাদ দেয়াকে স্বাস্থ্যকর বলে মনে করা হয়। কিন্তু এই অভ্যাস মেনে চলা হলেও, এমন কিছু খাবার রয়েছে, যা মিষ্টি না হলেও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু উপাদান থাকে, যা দ্বিতীয়বার না ভেবেই খেয়ে থাকা হয় আমাদের। প্যাকেট ও প্রক্রিয়াজাত খাবার, বিভিন্ন সস ও রান্নাঘরে রাখা লবণ হচ্ছে তার মধ্যে অন্যতম। ইউর লাইফস্টাইল লাইব্রেরির প্রতিবেদন অনুযায়ী, গবেষণা চারটি খাবারের কথা জানিয়েছে, যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে বাদ দেয়া উচিত। বিশেষ করে বয়স ৫০ অতিক্রম হলে টাইপ-২ ডায়াবেটিস এড়ানো বেশি জরুরি বলেও জানানো হয়েছে।

৫০-এর পর টাইপ-২ ডায়াবেটিস এড়ানো কেন জরুরি:
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের প্রতি ৫ জনের মধ্যে ২ জনেরও বেশি প্রি-ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। অথচ টাইপ-২ ডায়াবেটিসে রূপ নেয়ার আগে এটি অনেক সময় শনাক্ত হয় না। তবে খাদ্যাভ্যাস পরিবর্তন করলে প্রকৃত অর্থেই ব্যাপক পার্থক্য বোঝা যায়।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, জীবনযাত্রায় পরিবর্তনের একটি কর্মসূচি ৫৮ শতাংশ পর্যন্ত ঝুঁকি কমাতে পারে। আর বয়স ৬০-এর বেশি হলে এই ঝুঁকি ৭১ শতাংশ পর্যন্ত কমতে পারে। তাহলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে ছোট ছোট কিছু অভ্যাসে পরিবর্তনের ব্যাপারে জেনে নেয়া যাক।

১. রেডি মিল বা তৈরি খাবার:
ফ্রোজেন থেকে শুরু করে পিৎজা বা মাইক্রোওয়েভ ডিনার স্বাভাবিকভাবেই অল্প সময়ে তৈরি ও খাওয়ার জন্য বেশ সুবিধাজনক। বিশেষ করে অল্প কয়েক জনের জন্য রান্না করার ক্ষেত্রে। তবে সমস্যা হচ্ছে, এসব অতি-প্রক্রিয়াজাত বা আল্ট্রা-প্রসেসড খাবার।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় দুই লাখ নার্স ও স্বাস্থ্যকর্মীর খাদ্যাভ্যাস বিশ্লেষণ করে দেখেছেন, তৈরিকৃত খাবার টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গে যুক্ত। গবেষণায় দেখা গেছে, কারও খাদ্যতালিকায় অতি-প্রক্রিয়াজাত খাবার ১০ শতাংশ করে বাড়লে ১২ শতাংশ করে ঝুঁকি বাড়ছে।

বিকল্প: সপ্তাহের শেষে বাসায় স্যুপ বা স্টু রান্না করে আলাদা আলাদা বক্সে করে তা ফ্রিজে রেখে দিন। শিম বা ডাল দিয়ে তৈরি উচ্চ প্রোটিনসমৃদ্ধ স্যুপ ফ্রিজ থেকে বের করে গরম করার জন্য ফ্রোজেন খাবারের থেকে মোটেও বেশি সময় লাগে না।

২. সস ও স্প্রেড:
অনেকেরই সসের প্রতি দুর্বলতা থাকে। বিশেষ করে বারবিকিউ সসের প্রতি। কিন্তু জানেন কি, এগুলো পুরোপুরি স্বাস্থ্যকর নয়। হার্ভাডের এক গবেষণায় দেখা গেছে, কেচাপ, বারবিকিউ সস, মেয়নেজ ও বোতলজাত সালাদ ড্রেসিং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানোর পেছনে ভূমিকা রাখে। কারণ হলো, এসব খাবারে বাড়তি চিনি ও লবণ থাকে। এক চামচ মেয়নেজে খুব একটা ক্ষতি হচ্ছে বলে মনে করা হয় না। কিন্তু এসব খেতে যতই সুস্বাদু হোক না কেন, তা সবচেয়ে ক্ষতিকর খাবারগুলোর মধ্যে একটি।

বিকল্প: সস ও স্প্রেডের পরিবর্তে ঘরেই ড্রেসিং করে নিতে পারেন। যেমন- অলিভ অয়েলের সঙ্গে সামান্য ব্যালসামিক ভিনেগার বা লেবুর রস মিশিয়ে নিন। সঙ্গে অল্প পরিমাণ ভেষজ যোগ করলে সুস্বাদু ও স্বাস্থ্যকর ড্রেসিং তৈরি হবে।

৩. লবণ:
যুক্তরাজ্যের বায়োব্যাংকের চার লাখের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর দীর্ঘ ১২ বছর ধরে চলা এক গবেষণায় দেখা গেছে, যারা সবসময় খাবারে আলাদা লবণ খেয়ে থাকেন, তাদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় ৩৯ শতাংশ বেশি। খাবারে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দেয়া সহজ। কিন্তু এভাবে লবণ যোগ করার কারণে ২০ শতাংশ ঝুঁকি বাড়ে এবং রক্তচাপের ওপরও প্রভাব পড়ে।

বিকল্প: অতিরিক্ত লবণ যোগ করার আগে খাবার একটু পরখ করে নিতে পারেন। লবণের পরিবর্তে ভেষজ বা সামান্য গোলমরিচ ভেঙেও দিতে পারেন। লবণ ছাড়াই খাবারের স্বাদ বাড়ানোর নানা ভেষজ ও মশলা রয়েছে। সেসবও ব্যবহার করতে পারেন।

৪. ফাস্ট ফুড:
সম্ভবত সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ফাস্ট ফুড এড়িয়ে চলা। কর্মব্যস্ত জীবনে দিনভর কাজের পর রান্নার মতো শক্তি যখন থাকে না, তখন বার্গার বা প্রিয় কোনো ফাস্ট ফুডের দোকানে ঢুঁ মারতে ইচ্ছা হওয়া স্বাভাবিক। তবে এই প্রলোভন সামলানো জরুরি। এটিই সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটি। দ্য লানসেটে প্রকাশিত এক গবেষণায় ৩ হাজার ৩১ জন তরুণকে ১৫ বছর পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, যারা সপ্তাহে দুই বারের বেশি ফাস্ট ফুড খেয়েছেন, সপ্তাহে একবারের কম খাওয়াদের তুলনায় তাদের ওজন প্রায় ১০ পাউন্ড বেশি বেড়েছে। আর তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা শরীরের ইনসুলিনের প্রতি ঠিকমত সাড়া দেয়ার ক্ষমতা কমার প্রবণতা বেড়েছে দ্বিগুণ হারে।

তবে এর অর্থ এমন নয় যে―একদমই খাওয়া যাবে না। মাঝে মধ্যে অল্প পরিমাণ খাওয়া যেতেই পারে। আর রান্নার অলসতা এলে হাতের কাছে যতই সহজ সমাধান থাকুক না কেন, তা গ্রহণ করা যাবে না। বরং, আগে থেকে কিছুটা রান্না করে ফ্রিজে রেখে দিন। প্রয়োজনে বের করে গরম করে খাওয়া হবে বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর