চীন ও পাকিস্তান দুই দেশের উপগ্রহগুলো এমনভাবে কাজ করতে পারে, যাতে একটি উপগ্রহের নজরদারির আওতা শেষ হওয়ার আগেই অন্যটি সেই এলাকার দায়িত্ব নেয়। এতে ভারতের ভূখণ্ডের বিস্তৃত অংশ নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আসতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বেঙ্গালুরুভিত্তিক মহাকাশ নজরদারি প্রতিষ্ঠান দিগন্তরার একটি প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের উপগ্রহ ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর নজর রাখা হয়ে থাকতে পারে।
দিগন্তরার প্রতিবেদনে চীনের উচ্চক্ষমতাসম্পন্ন ইয়াওগান-৪১ উপগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ৮৮ ঘণ্টার ভারত-পাকিস্তান সংঘাতের সময় এটি ভারতের বিমানঘাঁটিগুলো পর্যবেক্ষণ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাকিস্তান ছয়টি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। এর মধ্যে পাঁচটি চীনের রকেট ও উৎক্ষেপণকেন্দ্র ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়। এসব উপগ্রহের সঙ্গে চীনের নিজস্ব উপগ্রহ নেটওয়ার্কের সমন্বয় ভারতের সামরিক অবকাঠামো, সেনা চলাচল, সীমান্ত স্থাপনা, বিমানঘাঁটি ও নৌঘাঁটির ওপর নজরদারির সুযোগ বাড়িয়েছে।
এ ছাড়া চীনের নেতৃত্বাধীন এশিয়া-প্যাসিফিক স্পেস অবজেক্ট পর্যবেক্ষণ প্রকল্পেও পাকিস্তানের অংশগ্রহণ রয়েছে। দেশটিতে প্রকল্পটির একটি পর্যবেক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলের উপগ্রহের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে চীন ও পাকিস্তানের সক্ষমতা বাড়ার প্রেক্ষাপটে ভারতেরও নিজস্ব মহাকাশ নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা প্রয়োজন।


