বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাতের ধারাবাহিকতা থাকবে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৬০ মিলিমিটার এবং ভোলায় ১৫১ মিলিমিটার।
বৃষ্টির প্রভাবে আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী ৩ মে থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ আরও চড়তে পারে।
আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলেও ৫ মে থেকে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হতে পারে।


