বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
33 C
Dhaka
Homeজাতীয়ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ফ্লাইটে নারীর মৃত্যু, মাসকাটে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৬ ৮:৪৫

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ কারণে ফ্লাইটটি ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

আজ বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল জানান, ফ্লাইটে থাকা ছানোয়ারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে অবতরণ করে। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।

ইব্রাহিম খলিল আরও জানান, মাসকাট বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের পর মরদেহ নামানোর উদ্যোগ নেওয়া হয়। তবে ওমানের স্থানীয় আইন ও বিধি অনুযায়ী, উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমতি প্রয়োজন। এ কারণে কিছুটা আইনি জটিলতা তৈরি হয়।

বিমান সূত্র জানায়, মরদেহ নামানোর অনুমতির জন্য রয়্যাল ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। অনুমতি পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হয়। এরপর ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দীর্ঘ সময় মাসকাটে আটকে থাকায় অন্যান্য যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিজি-১৩৬ ফ্লাইটটি বুধবার বেলা ১১টায় সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। পরে ফ্লাইটটি বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর