রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
22 C
Dhaka
Homeবাংলাদেশযমুনা সেতুর দুই প্রান্তের সড়কে ৩০ কিলোমিটার যানজট

যমুনা সেতুর দুই প্রান্তের সড়কে ৩০ কিলোমিটার যানজট

প্রকাশ: জুন ১৪, ২০২৫ ১:৪৮

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এতে উত্তরের মহাসড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকলের কারণে যমুনা সেতুর দুই পাশে প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

শনিবার (১৪ জুন) ভোর থেকে এ যানজট শুরু হয়। টাঙ্গাইল অংশে অবশ্য শুক্রবার মধ্যরাত থেকে যানজট শুরু হতে থাকে।যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সকাল থেকেই ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন। সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে বাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। দুপুরের দিকে যাত্রীর চাপ আরও বেড়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর বাস না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে চড়ছেন ঢাকায় ফেরার জন্য।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকেই এই যানজট শুরু হয়। ফলে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন চরম দুর্ভোগে।

যাত্রীরা অভিযোগ করছেন, মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাক ও পিকআপে চড়ছেন। স্বাভাবিকভাবে ১ ঘণ্টার রাস্তা পার হতে লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা, যার কারণে গরমে ও ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর