রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরঅভিজ্ঞতা, ঐক্য ও উন্নয়নের রাজনীতির বার্তা নিয়ে দীর্ঘ দুই দশক পর সিরাজগঞ্জে...

অভিজ্ঞতা, ঐক্য ও উন্নয়নের রাজনীতির বার্তা নিয়ে দীর্ঘ দুই দশক পর সিরাজগঞ্জে তারেক রহমান

প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৩৩

দীর্ঘ প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

জনসভায় তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায়, কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কী পরিকল্পনা নিয়ে সামনে আসছে। তাঁর ভাষায়, বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার মতো অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই। তিনি বলেন, জনগণ সবসময় সেই দলের ওপর আস্থা রাখে, যাদের অভিজ্ঞতা আছে এবং যারা সংকটের সময় জনগণকে ছেড়ে যায়নি।

স্বাধীনতার প্রসঙ্গ তুলে বিএনপি চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার ২০২৪ সালের জুলাই-আগস্টে বহু মানুষ সেই স্বাধীনতাকে রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার দায়িত্ব সবার।

প্রতিপক্ষ নিয়ে কটাক্ষ না করে তারেক রহমান বলেন, তিনি চাইলে এমন অনেক কথা বলতে পারতেন, যা শুনে হাততালি পড়ত; কিন্তু তাতে দেশের কোনো উপকার হতো না। দেশকে সামনে এগিয়ে নিতে হলে অভিজ্ঞতা, আস্থা ও ঐক্যের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে এগোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি গোষ্ঠী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দেবে, তাদের চিহ্নিত করতে হবে; কারণ গত ১৬ বছর ধরে তারা জনগণের পাশে ছিল না।

সিরাজগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, তাঁত ও লুঙ্গির কথা বললেই সিরাজগঞ্জ ও পাবনার কথা মনে পড়ে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের সঙ্গে জড়িত। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতশিল্পে উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ ও পাবনার মোট ১০টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তিনি।

এর আগে সকালে বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে সকাল থেকেই সিরাজগঞ্জ ও পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জনসভাস্থলে জড়ো হন। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে করতালি ও স্লোগানে তাঁকে স্বাগত জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশস্থল ও শহরের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিরাজগঞ্জে জনসভায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর এই সফরকে স্থানীয় বিএনপি নেতারা ঐতিহাসিক হিসেবে দেখছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর