কাঞ্চননগর ইউনিয়নে একের পর এক গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক। কখনো বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, কখনো প্রকাশ্যে অস্ত্রের মহড়া, আবার কখনো দোকানে বসে থাকা ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ধারাবাহিক এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রশ্ন, কাঞ্চননগরে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে কারা? কোথা থেকে আসছে এসব অবৈধ অস্ত্র? কারা দিচ্ছে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ?
সর্বশেষ গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের উত্তর পাশে দিঘিরপাড় এলাকায় নিজের ফার্নিচারের দোকানে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী আবছার চৌধুরী (৪০)। মোটর সাইকেলে আসা তিন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। আবছার একই এলাকার সাফায়েত হোসেন ওরফে শাবু চৌধুরীর ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার পর থেকেই আবছার সন্ত্রাসীদের রোষানলে পড়েন। এর আগে তার বাড়ি লক্ষ্য করেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার নিজ দোকানে বসে তাকে গুলি করার ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। সে কারণেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে। হামলাকারীরা শটগান দিয়ে দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়েছে। এতে তার উরুতে এক রাউন্ড ও হাতে দুই রাউন্ড গুলি লাগে। এ ছাড়া গুলির ছররা তার বুকেও আঘাত করেছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি মূলত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
কাঞ্চননগরে অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে পুলিশের তথ্য বলছে, গত এক বছরে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এলাকা থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তল একটি, ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, পাকিস্তানের তৈরি বিদেশি রিভলবার একটি এবং দেশীয় তৈরি একনলা পিস্তল একটি।এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৯ এমএম গুলি ১৮ রাউন্ড, ৭.৬৫ এমএম গুলি পাঁচ রাউন্ড, পিস্তলের ম্যাগাজিন তিনটি, গুলির খোসা তিনটি এবং শটগানের কার্তুজ চারটি।সব মিলিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গুলির খোসা ও চারটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি ৯ এমএম টরাস পিস্তলটিও রয়েছে। পরে সেটি কাঞ্চননগর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এর আগে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোনের পরিচালনায় দক্ষিণ কাঞ্চননগর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি দল পাঁচজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ছিল—একটি একে-৪৭ রাইফেল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন; একটি এম-১ রাইফেল, ২৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ; একটি একে-২২ রাইফেল ও আনুমানিক ২০০ রাউন্ড গুলি; চারটি মর্টার; একটি ৭.৬৫ মি.মি. চীনা পিস্তল ও তিন রাউন্ড গুলি; একটি এলজি লং ব্যারেল রাইফেল ও ৩৬টি এলজি কার্তুজ এবং একটি এলজি শর্ট ব্যারেল রাইফেল। এ ছাড়া বিপুল পরিমাণ আইইডি তৈরির সরঞ্জাম ও ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ কাঞ্চননগরে সেনাবাহিনীর এই অভিযান ওই এলাকায় সশস্ত্র তৎপরতা ও অস্ত্রের উপস্থিতির বিষয়ে অতীতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, অতীতে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কেউ কেউ এলাকায় ফিরে আসায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তাদের অভিযোগ, হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
স্থানীয় আরেক ব্যক্তি জানান, কয়েক দিন আগেও একটি স্থানীয় গ্রুপ তাকে ডেকে নিয়ে হুমকি-ধমকি দিয়েছে। এ ঘটনায় তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব মনে করেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কারবার এবং পাহাড়ি এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ কাঞ্চননগরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম কারণ।
কাঞ্চননগরে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। এর আগে গত ১৪ মে এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গত ৩ জুলাই কাঞ্চননগরের ডলুপাড়া এলাকায় এক পোলট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর কাঞ্চননগরের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা মোক্তার, লোকমানসহ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, শুধু হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করলেই কাঞ্চননগরের অপরাধ পরিস্থিতির উন্নতি হবে না। অপরাধীদের অস্ত্রের উৎস, অর্থের জোগানদাতা, আশ্রয়দাতা ও নেপথ্যের মদতদাতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তাদের দাবি, মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং আগের হামলার ঘটনাগুলোর তদন্তে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
স্থানীয়দের মতে, অতীতের প্রতিটি হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অপরাধী চক্রের অর্থের উৎস, অস্ত্রের সরবরাহ এবং নেপথ্যের পৃষ্ঠপোষকদের শনাক্ত করা জরুরি। অন্যথায় কাঞ্চননগরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।


