রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজ।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী যারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, তারা শাপলা কলি মার্কায় ভোট দিলেই জোটের প্রার্থীকেই ভোট দেওয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, শাহজাদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করতে হলে শাপলা কলি মার্কায় ভোট দিতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, বরং বেকারত্ব নিরসন ও রাষ্ট্রকাঠামো সংস্কারের নির্বাচন। তিনি ভোটারদের পাশাপাশি পর্দার আড়ালের মা-বোনদেরও ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো যেন আর কোনো বিতর্কিত ভূমিকা না রাখা হয়। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনকে জনতার কাতারে দাঁড়াতে হবে। অন্যথায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি মহল নারীদের ধর্মীয় পোশাক ও মূল্যবোধকে আঘাত করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি তিনি ভোটকেন্দ্র দখল ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় ১১ দলীয় জোটের প্রার্থী এস.এম. সাইফ মোস্তাফিজ বলেন, দেশ ও শাহজাদপুর পুনর্গঠনে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই লড়াই।
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খাঁনের উপস্থিতিতে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।
উল্লেখ্য, জনসভায় শত শত পুরুষ ও মহিলা নেতাকর্মীর উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর ও স্লোগানে মুখরিত।


