মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্তরে শুরু হওয়া এ মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দলমত নির্বিশেষে লুঙ্গি পরিহিত অবস্থায় শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মিছিল পহেলা বৈশাখ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে এবং অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মিছিলটির আয়োজন করেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত আলম। তিনি বলেন, লুঙ্গি বাঙালির অন্যতম প্রাচীন ও পরিচিত ঐতিহ্যের প্রতীক। পহেলা বৈশাখ সেই ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। তবে সময়ের সঙ্গে কিছু বিদেশি সাংস্কৃতিক প্রভাব আমাদের নিজস্ব সংস্কৃতিকে আড়াল করে দিচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা আমাদের পুরোনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। সেই চিন্তা থেকেই লুঙ্গির ঐতিহ্য ফুটিয়ে তুলতে এই মিছিলের আয়োজন করেছি।”
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন বাঙালির নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে এবং পহেলা বৈশাখ উদযাপনে দেশীয় ঐতিহ্যের গুরুত্ব আরও জোরালো করবে।


