মঙ্গলবার, মে ৫, ২০২৬
মঙ্গলবার, মে ৫, ২০২৬
32 C
Dhaka
Homeঅপরাধসাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় জিডি

সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় জিডি

প্রকাশ: মে ৫, ২০২৬ ১১:৫৭

রাজধানীর মগবাজার মোড় থেকে এক সাংবাদিককে অপহরণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৪ মে) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। আতাউর রহমান নামের ওই সাংবাদিক অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের জ্যেষ্ঠ প্রতিবেদক। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর পান্থপথে অফিস শেষ করে বাসায় ফিরছিলাম। তখন রাত সোয়া ১০টা বাজে। সঙ্গে আমার সাবেক সহকর্মী মহির মারুফ ছিলেন। রাত সোয়া ১০টার দিকে রাস্তা পার হয়ে মারুফ রিকশা খুঁজছিল। আমিও রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি গাড়ি (গাড়ির নম্বর: ঢাকা মেট্রো-ঘ: ১১-৯৮৯৯) থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে নেমে এসে আমাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নেয়ার চেষ্টা করে।

তিনি আরও বলেন, আমি বাধা দেয়ার পর আরও তিনজন নেমে এসে আমাকে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করে এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময়ে সেখানে উপস্থিত লোকজন এসে বাধা দিলে তারা আমাকে গালি দেয়ার অভিযোগ তুলে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। ব্যর্থ হয়ে একপর্যায়ে অপহরণকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহির মারুফ বলেন, আমি রিকশা নিতে সামনের দিকে এগিয়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একটি কালো প্রাইভেট গাড়ি সিগন্যালে থেমে আছে। ফ্রন্ট সিট থেকে একজন বের হয়ে আতাউর ভাইকে গাড়িতে তোলার চেষ্টা করছে। আমি দৌড়ে ট্রাফিক সিগন্যালে থাকা দায়িত্বরত পুলিশ ডেকে নিয়ে আসলে দেখি চারজন মিলে আতাউর ভাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পথচারীসহ সবাইকে নিয়ে বাধা দিলে উল্টো তারা দোষ দেয় যে তাদেরকে গালি দেয়া হয়েছে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও অপহরণে ব্যর্থ হয়ে তারা আতাউর ভাইকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা হঠাৎ গাড়ি থামিয়ে একজন লোককে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে লোক জড়ো হলে তারা গাড়ি নিয়ে পালিয়ে যান। ভুক্তভোগী সাংবাদিক ইতোমধ্যে হাতিরঝিল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর