শনিবার, মে ৯, ২০২৬
শনিবার, মে ৯, ২০২৬
26 C
Dhaka
Homeখেলানাহিদ এগিয়ে আছেন আইসিসির মাসসেরার লড়াইয়ে 

নাহিদ এগিয়ে আছেন আইসিসির মাসসেরার লড়াইয়ে 

প্রকাশ: মে ৯, ২০২৬ ৪:৩১

বাইশ গজে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশি পেস সেনসেশন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে এবার আইসিসির মাসসেরা (প্লেয়ার অব দ্য মান্থ) ক্রিকেটারের মনোনয়ন পেলেন এই টাইগার পেসার।

শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারের সঙ্গে লড়াই হবে বাংলাদেশের নাহিদ রানার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে তিনি শিকার করেছেন মোট ৮টি উইকেট। ১৬.৭৫ গড় আর ৪.৪৬ ইকোনমি রেটে বোলিং করে কিউই ব্যাটারদের পরাস্ত করেছিলেন তিনি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্রথম ও শেষ ম্যাচে নেন যথাক্রমে ১ ও ২ উইকেট। তাঁর এই বিধ্বংসী পারফরম্যান্সে ভর করেই ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ, আর নাহিদ বাগিয়ে নেন সিরিজ সেরার পুরস্কার।

নাহিদ রানার সঙ্গে মাসসেরার লড়াইয়ে থাকা অন্য দুই ক্রিকেটার হলেন ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এ ৫ ম্যাচে ৫৩.২০ গড়ে ২৬৬ রান করেছেন ওমান অধিনায়ক জাতিন্দর সিং। বিশেষ করে নেপালের বিপক্ষে তাঁর ৯৬ বলে ১৩০ রানের ইনিংসটি ক্রিকেট মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দিয়েছেন অজয়। মাত্র ২ ওয়ানডেতে তিনি নিয়েছেন ৯ উইকেট। ওমানের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে নজর কেড়েছেন এই বোলার।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর