শুক্রবার (৮ মে) নিয়মিত বুলেটিনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস দিয়েছে।
বুলেটিন অনুযায়ী এদিন সকাল ৯টায় সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে প্রাক-মৌসুমী বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ জেলার হাওর অঞ্চলে নদীর পানি সমতল ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার করে ধীরগতিতে কমছে।
নেত্রকোণার ধনু-বাউলাই নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে ৭ সেন্টিমিটার উপরে, ভূগাই-কংস নদী জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৩০ সেন্টিমিটার বেড়ে ৬২ সেন্টিমিটার উপরে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৩৬ সেন্টিমিটার উপরে, মগরা নদী নেত্রকোণা পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে ৭৯ সেন্টিমিটার উপরে এবং আটপাড়া পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
একইসময়ে হবিগঞ্জ জেলার কালনি-কুশিয়ারা নদী আজমিরিগঞ্জ পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে এবং সুতাং নদী সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে ২০ সেন্টিমিটার ৩৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় তেমন বৃষ্টিপাত দেখা যায়নি।
বন্যার উন্নতির আভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর সেখানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, এই এলাকাগুলোতে বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। পানি ধীরে নামছে। তিন দিন পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমেছে, আর ধনু-বাউলাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং ভুগাই-কংস (জারিয়াজঞ্জাইল) নদীর পানি সমতল বেড়েছে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। ফলে সুনামগঞ্জ জেলার কুশিয়ারা অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
সেইসঙ্গে নেত্রকোণা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোণা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে এবং ধনু-বাউলাই অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অপরদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি সমতল আগামী এক দিন বাড়তে পারে, পরবর্তী দুদিন কমতে পারে। এ দুই জেলার খোয়াই, জুড়ি ও সুতাং নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে।
ফলে হবিগঞ্জ জেলার সুতাং অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।


