অনেকের বিশ্বাস, স্বাস্থ্য কমাতে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজমের সমস্যায় ওটস খুবই উপকারী। এ জন্য এর দিকে ক্রমশ আগ্রহ বাড়ছে মানুষের। কিন্তু জানেন কি, সাম্প্রতিক এর বিপরীতও দেখা গেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওটসের জন্য কিছু মানুষ জটিল সমস্যায়ও পড়েছেন। আর এটি কেন সবার জন্য ভালো নয়, তা নিয়েও আলোচনা করা হয়েছে।
ওটস ফাইবার-সমৃদ্ধ খাবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে, ক্ষুধা কমাতে সহায়তা করে। অনেকেই খাবারের ওপর নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যের উন্নতি চান, তাদের জন্য ওটস সহায়ক। এতে বিভিন্ন খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে, রক্তে শর্করা নিয়ন্ত্রণেও উপকারী। আবার কোলেস্টেরল কমানো, হজমশক্তি বৃদ্ধিতেও দুর্দান্ত এই ওটস।
বিভিন্নগুণে গুণান্বিত এই ওটস আবার অনেকের জন্য বিপজ্জনক হতে পারে। খাওয়ার পর কিছু মানুষের পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে। এর প্রতিক্রিয়ায় অ্যালার্জি হয়ে থাকে। নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি না খাওয়াই উচিত। বিশেষ করে অতি প্রক্রিয়াজাত ওটস সুগার ওঠা-নামার কারণ হতে পারে।
এছাড়া ওটসে অ্যাসিড যৌগ থাকে, যা আয়রন ও জিঙ্কের মতো নির্দিষ্ট খনিজ শোষণের জন্য শরীরের ক্ষমতা হ্রাস করে দিতে পারে। এ জন্য শারীরিক জটিলতায় আক্রান্তদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওটস খাওয়া উচিত নয়।


