বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
25 C
Dhaka
Homeখেলাধীরে ধীরে টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ : শান্ত

ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে উন্নতি করছে বাংলাদেশ : শান্ত

প্রকাশ: মে ১৪, ২০২৬ ২:৩২

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মত হারায় টাইগাররা।

ঐতিহাসিক এই জয়ই প্রমাণ করে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে উন্নতি করছে। ম্যাচ শেষে এমনটাই বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১২ মে) ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট জয়ে আমি খুব খুশি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। গত কয়েক মাস আমরা কঠোর পরিশ্রম করেছি। ধীরে ধীরে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি, এটাই সব সময় চেয়েছিলাম।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক যোগ বলেন, ‘ম্যাচ জেতাই মূল লক্ষ্য ছিল। কোচও এই মেসেজই দিয়েছেন। আমরা সবাই বিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। একবারের জন্যও আমরা ড্র বা হারের চিন্তা করিনি।’

পঞ্চম দিনের প্রথম সেশনের শেষভাগে ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। এসময় বাংলাদেশের লিড ছিল ২৬৭ রানের। কিন্তু আরও ১৫-২০ রান করার ইচ্ছা ছিল শান্তর। দলের বোলিং অ্যাটাকের কথা চিন্তা করে তখনই ইনিংস ঘোষণা করেন তিনি।

তাসকিন-মিরাজ-রানাদের ওপর আস্থার কথা জানিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ে সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কী করতে চাই। আমাদের ইচ্ছা ছিল আরও ১৫/২০ রান করার। কিন্তু একসময় মনে হয় যে এরকম সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণ হলো আমাদের বোলিং অ্যাটাক।’

বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘এই ইনিংসে মিরাজ যেভাবে শুরু করেছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, সেখান থেকে মোমেন্টাম পাওয়া গেছে। তারপরে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছেন। বিশেষ করে এই ইনিংসে তাসকিন এবং রানার এই স্পেলটা অসাধারণ ছিল।’

‘আমাদের ভালো পাঁচটা বোলার আছে বলেই এমন সাহস নিতে পেরেছি। তবে বোলিং ইউনিটে আরও উন্নতির জায়গা আছে। রানার বিষয়ে যেটা হয়েছে, উইকেট একটু ড্রাই ছিল এবং সে জোরে বল করলে লাইনটা কী হবে তা নিয়ে আলাপ হয়েছে। এখানে মুশফিক ভাইকেও ক্রেডিট দিতে হবে কারণ উনি রানার সঙ্গে অনেক আলোচনা করেছেন’— যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর