অনেকের ঘরে ঢুকলেই মন ভালো হয়ে যায়, আবার কারও ঘর এতটাই অগোছালো থাকে যে হাঁটাচলাই কঠিন হয়ে পড়ে। বিছানার চাদর কুঁচকে থাকা, টেবিলে ছড়ানো বই-খাতা, চেয়ারে জামার স্তূপ—এগুলোই ঘরকে বিশৃঙ্খল করে তোলে। কিন্তু ছোট কিছু অভ্যাস ঠিক করলেই এই সমস্যা সহজেই কমানো সম্ভব।
- জামা চেয়ারে না রেখে সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলুন
কাজ শেষে জামা খুলে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখুন। কাচার হলে আলাদা বালতিতে রাখুন, না হলে ভাঁজ করে গুছিয়ে রাখুন। এতে ঘরের অগোছালো ভাব অনেকটাই কমে যাবে।
- দেওয়াল বা দরজার পাশে ছোট খোলা আলমারি রাখুন
সুবিধামতো জায়গায় হ্যাঙ্গার লাগিয়ে পোশাক ঝুলিয়ে রাখলে কাপড় ছড়ানো থাকবে না, আবার খুঁজতেও সুবিধা হবে।
- বিছানা প্রতিদিন গুছিয়ে রাখুন
ঘুম থেকে উঠেই বিছানার চাদর টানটান করে পাতার অভ্যাস করলে ঘর অনেক বেশি পরিষ্কার ও গোছানো দেখায়। মাত্র কয়েক মিনিটের কাজ হলেও এর প্রভাব অনেক বড়।
- ছোট জিনিস আলাদা বাক্সে রাখুন
টেবিল বা ঘরের কোণে ছোট ছোট জিনিস ছড়িয়ে না রেখে একটি বাক্স বা ট্রেতে রাখলে ঘর এলোমেলো দেখায় না।
- ব্যবহৃত কাপ-প্লেট তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন
চা-কফির কাপ বা খাবারের বাসন ঘরে ফেলে রাখার অভ্যাস বন্ধ করুন। ব্যবহার শেষে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট জায়গায় রাখলেই ঘর পরিচ্ছন্ন থাকে।
বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট অভ্যাস বদলালেই ঘর অনেক বেশি গোছানো, পরিষ্কার এবং মন ভালো করা জায়গায় পরিণত হতে পারে।


