বুধবার, জুলাই ২৯, ২০২৬
বুধবার, জুলাই ২৯, ২০২৬
30 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়ির সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, নিয়মিত আপিল চলবে

ফটিকছড়ির সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই, নিয়মিত আপিল চলবে

আপডেট: জুলাই ২৯, ২০২৬ ৭:৪৫
প্রকাশ: জুলাই ২৯, ২০২৬ ৬:০২

জাতীয় সংসদের ২৭৯ তথা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে অংশ নিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিনের দায়ের করা আপিল নিয়মিতভাবে শুনানির জন্য গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন আদালত। 

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম। নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
মামলার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেন। তবে জামায়াত প্রার্থী নুরুল আমিনের আবেদনের পর আপিল বিভাগ সরোয়ারকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিলেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন।
এরপর হাইকোর্টে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। ওই রায়ের পর নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
পরে হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন। তাঁর আবেদনে দাবি করা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরকে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা হোক। দুই দিনের শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ।
বুধবারের আদেশে আপিল বিভাগ জানিয়ে দেন, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগদানে কোনো বাধা নেই। একই সঙ্গে নুরুল আমিনের আপিল নিয়মিত শুনানির জন্য গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর