মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উড়াকান্দা এলাকায় গিয়ে দেখা যায়, কুমির দেখার জন্য উৎসুক জনতা নদীর
পাড়ে ভিড় জমিয়েছেন। স্থানীয়দের দাবি, কখনো সকালে আবার কখনো দুপুরে কুমিরটি নদীর পানিতে ভেসে উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে স্থানে কুমিরটি দেখা গেছে, সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল ও গৃহস্থালির কাজ করেন। ফলে স্থানীয়দের মধ্যে এখন চরম উদ্বেগ কাজ করছে।
কুমির দেখার বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলামসহ একাধিক স্থানীয় যুবক কুমিরের ছবি ও ভিডিও পোস্ট করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রবিউল রবি ও মিজানুর রহমান মুন তাদের পোস্টে উল্লেখ করেন, কুমিরটি বারবার ভেসে ওঠায় গোসল করতে নামা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান জানিয়েছেন, তারা বিষয়টি অবগত আছেন। তিনি বলেন, পদ্মা একটি বিশাল ও মূল নদী হওয়ায় এখান থেকে কুমির উদ্ধার করা প্রায় অসম্ভব। তবে আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করার কাজ চলছে, যাতে কেউ এই মুহূর্তে নদীতে না নামেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। নদীপাড়ের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


