চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর মিয়াজিপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিক প্রকাশ মনা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় বোন রেজু আক্তারকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুলাই গভীর রাতে পারিবারিক জায়গা-জমি নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রফিককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়।
প্রতিবেশী বানু মিয়া জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে সেই বিরোধকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয়। পরে রফিককে আহত অবস্থায় পাওয়া যায়। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তেই স্পষ্ট হবে।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের বোন রেজু আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


