শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজারের অদূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকেরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক বিরোধ ও চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এ সময় বর্তমান এমপি সরোয়ার আলমগীর গ্রুপের নেতা নাসির উদ্দিন বিপ্লব ও কর্ণেল আজিম উল্লাহ বাহার চৌধুরী গ্রুপের ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়ভাবে জানা গেছে, আহত ঘোষণা কবির কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী গ্রুপের বিএনপি নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী হিসেবে পরিচিত।অন্যদিকে নাসির উদ্দিন বিপ্লব স্থানীয় যুবদল নেতা।
সংঘর্ষের পরপরই এক পক্ষের কর্মী-সমর্থকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


