মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষ। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাড়ি ও দোকানপাট একটির সঙ্গে আরেকটি লাগানো হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস সময়মতোই এসেছে। তবে এটি সম্পূর্ণ অবৈধ একটি মবিলের গোডাউন। এখানে এক ড্রাম মবিলকে ভেজাল মিশিয়ে তিন ড্রাম করা হতো। তেলের ড্রামগুলো আগুন বাড়িয়ে দিতে পারে বলে ভয়ে আছি আমরা।
আগুন লাগার পরপরই স্থানীয়রা সবার আগে ছুটে আসেন। তারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
যেহেতু এটি তেলের গোডাউন এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


