মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরফের বিক্ষোভের চেষ্টা গাজীপুরে, সতর্ক পুলিশ

ফের বিক্ষোভের চেষ্টা গাজীপুরে, সতর্ক পুলিশ

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ৭:৪৩

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কিছু শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এ সময় তারা আশপাশের কারখানাগুলোতে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ওইসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল। এ সময় তারা আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলেন। পরে বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একপর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ সদস্যরা ওই শ্রমিকদের ধাওয়া দেন। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কোনাবাড়ী, জরুন ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুনসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে গাজীপুরে ৭টি কারখানা ছাড়া সব কারখানায় উৎপাদন চলছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর