শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
25 C
Dhaka
Homeজেলার খবরস্ত্রীর করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার এনসিপি নেতা

স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার এনসিপি নেতা

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৮:২৮

স্ত্রীর করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ। পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণসংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে মিজান তার কোনো খোঁজখবর রাখেননি। একপর্যায়ে তিনি সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভরণপোষণ দেয়াও বন্ধ করে দেন। তার আরও অভিযোগ, মিজান অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর