রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
28 C
Dhaka
Homeজেলার খবরনারী-শিশুসহ মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৩১৭ জন

নারী-শিশুসহ মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৩১৭ জন

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ৬:৩৩

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ভোরে উপকূলীয় ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রলারের অবস্থান শনাক্ত করে সেটির গতিবিধির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে, এমন গোপন তথ্য পেয়ে ট্রলারটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটিকে আটক করতে সক্ষম হন।

ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পরে ট্রলারে থাকা নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা যায়।

অভিযান চলাকালে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটি জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরপথে মানবপাচারের সময় নারী ও শিশুসহ ৩১৭ জনকে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তীতে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর