শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
24 C
Dhaka
Homeজেলার খবরক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোকে ৮৭ লাখ টাকার সহায়তা প্রদান

ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোকে ৮৭ লাখ টাকার সহায়তা প্রদান

প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ৬:৫৫

বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি শিক্ষা, নিরাপদ আবাসন ও আত্মকর্মসংস্থানে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোতে।

জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এসব পরিবারের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬ নভেম্বর বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ বরাদ্দ দেওয়া হয়। কর্মসূচির আওতায় ১২টি পরিবারকে বসতঘর নির্মাণের জন্য সহায়তা, ৫৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ৩৯ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এসব সহায়তার বেশির ভাগই পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

আবাসন সহায়তা পাওয়া পরিবারগুলোর কাছে নতুন ঘর মানে নিরাপদে বসবাসের স্বপ্ন। শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে। অন্যদিকে, সেলাই মেশিন পাওয়া নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা ও জীবনমানের উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদেরও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো জনগোষ্ঠী যেন শিক্ষা ও উন্নয়নের সুযোগ থেকে পিছিয়ে না থাকে, সেদিকে গুরুত্ব দিতে হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জহির আজম এবং ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন।এ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা, নিরাপদ আবাসন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফটিকছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর জন্য প্রায় ৮৭ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সব সম্প্রদায়ের মানুষের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ফটিকছড়ির সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর