বুধবার, এপ্রিল ৮, ২০২৬
বুধবার, এপ্রিল ৮, ২০২৬
28 C
Dhaka
Homeবিনোদনঅভিনেত্রী অ্যানাবেলা লোভাসের রহস্যজনক মৃত্যু,যা জানা গেল তদন্তে

অভিনেত্রী অ্যানাবেলা লোভাসের রহস্যজনক মৃত্যু,যা জানা গেল তদন্তে

প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬ ৯:২৫

স্পেনের দক্ষিণতম অঞ্চল ও ম্যাকারোনেশিয়ার বৃহত্তম এবং জনবহুল ক্যানারি দ্বীপপুঞ্জের একটি গিরিখাত থেকে গত বছর উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের মরদেহ শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহটি হাঙ্গেরিয়ান টিভি তারকা, অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অ্যানাবেলা লোভাসের বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ৬ মার্চ গ্রান ক্যানারিয়া দ্বীপের দুর্গম হাইকিং এলাকা বেরিয়েল গিরিখাতের কাছে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি। মরদেহটি উদ্ধারের সময় কোমরের নিচের অংশ বিবস্ত্র এবং সঙ্গে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত সামগ্রী ছিল না। ওই সময় প্রাথমিক ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, পরবর্তীতে ইন্টারপোল এবং সাইরেন’র মতো আন্তর্জাতিক পুলিশিং সংস্থার মাধ্যমে সতর্কতা জারির পর জানা যায়―ওই দ্বীপে থাকাকালীন অ্যানাবেলা লোভাসের নিখোঁজ হওয়ার ব্যাপারে ডায়েরি করা হয়েছিল।

এ অভিনেত্রীর পিঠের ট্যাটু ও দাঁতের পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত পুলিশ মরদেহটি অ্যানাবেলা লোভাসের বলে পরিচয় নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।

তবে এ ঘটনায় এখনো মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা যায়নি। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে সহিংস মৃত্যু, শ্বাসরোধ বা যৌন নির্যাতনের আলামত নাকচ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, আমাদের ধারণা তিনি অন্য কোনো এলাকায় দুর্ঘটনাবশত বা আত্মহত্যায় মারা গেছেন। পরবর্তীতে বন্যার পানিতে মরদেহটি বেরিয়েল এলাকায় চলে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকাার কারণে এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো মুছে ফেলার জন্য তার পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজের ডায়েরি করেছিল। ওই সময় তাকে গ্রান ক্যানারিয়ার একটি হোটেল থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এর কয়েকদিন পরই ফের নিখোঁজ হন টিভি তারকা অ্যানাবেলা লোভাস। শেষ পর্যন্ত ২০২৫ সালের মার্চের প্রথম সপ্তাহে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, অ্যানাবেলা লোভাস হাঙ্গেরীয় রিয়েলিটি শো ‘আ নাগি ও’, যা ‘দ্য ব্যাচেলর’র হাঙ্গেরীয় সংস্করণের চতুর্থ মৌসুমে অংশ নিয়ে তারকা খ্যাতি লাভ করেন। শো-এর পর ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘ক্যানসার চিকিৎসার ক্ষতগুলো চিহ্নহীনভাবে কখনো মিলিয়ে যায় না। তবে আমি সবকিছু কাটিয়ে উঠতে পেরেছি; যা আমাকে অধিকতর শক্তিশালী করেছে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর