প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট (Panorama Talent) বিভাগে নির্বাচিত হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজের এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এই সুখবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন যাত্রার জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।
নিজের পোস্টে শবনম বুবলী জানান, বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্মিত হয়েছে। আর সেই চলচ্চিত্রই নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা হিসেবে এটি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
বুবলী তার পোস্টে আরও লেখেন, এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।


