Friday, November 20, 2026
Friday, November 20, 2026
22 C
Dhaka
Homeজেলার খবরবন্ধই হচ্ছে না ফটিকছড়ির সরকারি বাগানের রাবার চুরি ও পাচারঃ নেপথ্যে কারা?

বন্ধই হচ্ছে না ফটিকছড়ির সরকারি বাগানের রাবার চুরি ও পাচারঃ নেপথ্যে কারা?

প্রকাশ: November 20, 2026 9:07

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ও তারাখোঁ সরকারি রাবার বাগান থেকে প্রতিনিয়ত রাবার চুরি ও পাচারের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশ ও পুলিশের অভিযান হয়েছে। আটক হয়েছে রাবার বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান। এরপরও বন্ধ হয়নি পাচার। রাজনৈতিক দলের কতিপয় নেতা ও কর্মকর্তাদের যোগসাজশে চলছে রাবারের হরিলুট।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি বাগানের রাবার চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে।তাদের সহযোগীরা দলের প্রভাব খাটিয়ে রাবার চুরিতে সহযোগিতা করছে।
সর্বশেষ গত ২০ অক্টোবর দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে রাবারবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করে পুলিশ। এ সময় তিনজনকে আটকও করা হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাভার্ডভ্যানে ৯০ বস্তা কাঁচা রাবার ছিল। তবে প্রকাশিত প্রতিবেদনে রাবারের পরিমাণ নিয়ে ভিন্নতা রয়েছে।তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক রাবারের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১০ আগস্ট দাঁতমারা থেকে চট্টগ্রাম শহরে নেওয়ার পথে ২ হাজার ৮৫০ কেজি ভেজা রাবার বোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। ঢালার মুখ এলাকায় ট্রাকটি উল্টে গেলে রাবারের চালানটি প্রকাশ্যে আসে। পরে উদ্ধার করা রাবার থানায় হস্তান্তর করা হয়। ২০২৫ সালের অক্টোবরেও হেঁয়াকো এলাকায় এক ট্রাক রাবার উদ্ধারের ঘটনা ঘটে। বারবার রাবার বোঝাই যানবাহন আটকের পরও পাচার বন্ধ না হওয়ায় বাগান দুটির নিরাপত্তা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) অধীন চট্টগ্রাম জোনের গুরুত্বপূর্ণ দুটি রাবার বাগান দাঁতমারা ও তারাখোঁ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দাঁতমারা বাগান থেকে আয় হয়েছিল প্রায় ১৯ কোটি ৩৫ লাখ টাকা। একই সময়ে তারাখোঁ বাগান থেকে আয় হয়েছিল প্রায় ৯ কোটি ১৫ লাখ টাকা।
সরকারি রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও বাগান দুটিতে রাবার চুরি ও পাচারের অভিযোগ ওঠায় উৎপাদন ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, রাতের আঁধারে বাগানের বিভিন্ন স্থান থেকে কাঁচা রাবার সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে মজুত করা হয়। পরে বস্তাবন্দী করে ট্রাক ও কাভার্ডভ্যানে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়। এ কাজে স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি এবং বাগানের দায়িত্বশীল কারও কারও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ব্যক্তিগত রাবার বাগানের নামে সরকারি খাসজমি বা অনুমোদনহীন জমিতে গাছ লাগিয়ে উৎপাদনের কাগজপত্র তৈরি করা হয়। এসব কাগজপত্র ব্যবহার করে সরকারি বাগান থেকে চুরি করা রাবার পরিবহন ও মজুতের বৈধতা দেখানোর চেষ্টা হতে পারে। তবে এ অভিযোগেরও স্বাধীন যাচাই প্রয়োজন।

এ ক্ষেত্রে ব্যক্তিগত রাবার বাগানের জমির মালিকানা, গাছের সংখ্যা, উৎপাদন ক্ষমতা ও বিক্রির হিসাব পরীক্ষা করা হলে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

রাবার চুরি ও পাচার নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২২ অক্টোবর ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা এবং সরকারি সম্পদ নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময়ে রাবার উদ্ধার ও যানবাহন আটক করা হলেও পাচারচক্রের মূল হোতাদের শনাক্ত করার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে রাবার সংগ্রহকারী, পরিবহনকারী ও ক্রেতাদের বিষয়ে কী তথ্য পাওয়া গেছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বাগানের উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বিক্রির প্রতিটি ধাপে স্বচ্ছ হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাদের মতে, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, রাতের নিরাপত্তা টহল বাড়ানো এবং পরিবহন করা রাবারের চালান ও উৎস যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ব্যক্তিগত রাবার বাগানের নিবন্ধন, জমির মালিকানা ও উৎপাদনক্ষমতাও যাচাই করা দরকার।

বারবার অভিযান ও চালান আটকের পরও সরকারি বাগানের রাবার পাচার বন্ধ না হওয়ার কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, কারা রাবার চুরি করছে, কোথায় মজুত করছে এবং কারা কিনছে? এসব বিষয় তদন্ত করে পুরো চক্রকে শনাক্ত করা না গেলে সরকারি সম্পদ চুরি ও পাচার বন্ধ করা কঠিন হবে। তাই চুরিতে সহযোগিতাকারী রাজনৈতিক ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর