বুধবার, আগস্ট ১২, ২০২৬
বুধবার, আগস্ট ১২, ২০২৬
28 C
Dhaka

জামিন পেলেন ড. ইউনূস।

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এক মাসের মধ্যে আপিলের শর্তে জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালত আজ বিকেল ৩টার দিকে ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদিকে রায় ঘোষণার পর ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তাঁরা ন্যায়বিচার পাননি।

গত ২১ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে মামলার আইনগত বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আদালতে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। ওইদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। গত ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

৬ মাসের কারাদণ্ড দেওয়া হলো নোবেলজয়ী ড. ইউনূসকে।

0

আজ সোমবার বেলা তিনটার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।

দণ্ড পাওয়া অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সেসব ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা।

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

মামলায় গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। আপিল বিভাগ গত ২০ আগস্ট সেই আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন।

এরপর গত ২২ আগস্ট শ্রম আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় গত ৯ নভেম্বর। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চার কর্মকর্তা সাক্ষ্য দেন। গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন (১ জানুয়ারি) ধার্য করেছিলেন আদালত।

মামলায় অভিযোগ আনা হয় যে শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, গ্রামীণ টেলিকমের শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাঁদের নিয়োগ স্থায়ী করা হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি দেওয়া, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ দেওয়া হয় না।

মামলায় আরও অভিযোগ আনা হয়, গ্রামীণ টেলিকমে শ্রমিক অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং লভ্যাংশের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গঠিত তহবিলে জমা দেওয়া হয় না।

অভিযোগের জবাবে আত্মপক্ষ সমর্থন করে ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন বিবাদী লিখিতভাবে আদালতকে বলেছিলেন, গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় নিজস্ব নীতিমালা অনুযায়ী। কারণ, গ্রামীণ টেলিকম যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, সেগুলো চুক্তিভিত্তিক। তবে গ্রামীণ টেলিকমের সব কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী কর্মীর মতো ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুইটি), অর্জিত ছুটি ও অবসরকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। মামলায় নিয়োগ স্থায়ী না করার যে অভিযোগ আনা হয়েছে, তা প্রশাসনিক ও দেওয়ানি মামলার বিষয়।

আদালতে দেওয়া লিখিত বক্তব্যে আরও বলা হয়েছিল, গ্রামীণ টেলিকম কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়, সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়।

দেশে-বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ১২–দলীয় জোট

0
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল
নিজস্ব প্রতিবেদক | জনতা মেইল

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংযোগ ও পদযাত্রা কর্মসূচি শেষে এক সমাবেশে ১২–দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। জোটের মূখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগ নিজেদের দলীয় প্রার্থীর ওপর আস্থা রাখতে পারছে না বলেই তারা বিভিন্ন দলের বহিষ্কৃত অযোগ্য নেতাদের দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। এই নির্বাচন দেশে–বিদেশে গ্রহণযোগ্য হবে না।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, দেশের অর্থনীতি ও জনগণের জীবন-জীবিকা এই সরকার ধ্বংস করে দিয়েছে।  জনগণ এই সরকারের কাছ থেকে এখন মুক্তি চায়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ১২–দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও  জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম।

যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে নিহত বাংলাদেশি গবেষক।

0
অনালাইন ডেস্ক । জনতা মেইল
অনালাইন ডেস্ক । জনতা মেইল

নিহত শেখ আবির হোসেন (৩৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তিনি টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। পাশাপাশি একটি খাবারের দোকানে খণ্ডকালীন কাজ করতেন। তাঁর স্ত্রী ও এক কন্যাসন্তান আছেন। তাঁরা নিউইয়র্কে থাকেন।

আবিরের মেজ ভাই শেখ জাকির হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০১৪ সালে শেখ আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাস করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।

আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদারের বরাত দিয়ে শেখ জাকির হোসেন আরও বলেন, যুক্তরাষ্ট্রে লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন আবির। পাশাপাশি রাতে তিনি টেক্সাসের ক্রিস ফুড মার্ট নামের একটি দোকানে কাজ করতেন। শুক্রবার দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দুই দুর্বৃত্ত আবিরকে গুলি করে। তাঁর মাথায় ও বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরও জানান, আবিরের স্ত্রী সানজিদা আলম তাঁদের একমাত্র শিশুকন্যা আরশিয়াকে (২) নিয়ে নিউইয়র্কে তাঁর মা–বাবার সঙ্গে থাকতেন। আর আবির থাকতেন টেক্সাসে।

৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে ইসি

0

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জানুয়ারি মঙ্গলবার মাঠ কর্মকর্তাদের এই প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকল সিনিয়র জেলা কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. আলাউদ্দিন আল মামুন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ আগামী ২ জানুয়ারির মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৮৭ হাজার ৭২২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জন পোলিং অফিসার। মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে স্কুল, কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ করেছে ইসি।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। তবে উচ্চ আদালতের নির্দেশনার পর এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।

ষষ্ঠ-সপ্তমের রিপোর্ট কার্ড বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

0

এবার প্রথমবারের মতো ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান করা হয়। বছর শেষে বার্ষিক পরীক্ষার বদলে নেয়া হয় সামষ্টিক মূল্যায়ন। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেয়। গত ৩০ নভেম্বর মূল্যায়ন শেষ হলেও অনেক স্কুল এক মাসেও মূল্যায়নের রিপোর্ট কার্ড বা ফল প্রকাশ করতে পারেনি। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

ফল প্রকাশ করতে না পারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বলছে, নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও রিপোর্ট কার্ড প্রস্তুতের অ্যাপ ‘নৈপুণ্যে’ তথ্য অন্তর্ভুক্তি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। ফলে তারা ষষ্ঠ-সপ্তমের রিপোর্ট কার্ড প্রস্তুতে বিপাকে পড়েছেন।

এদিকে, নৈপুণ্য অ্যাপের জটিলতায় যারা রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারেননি, তাদের ম্যানুয়ালি রিপোর্ট কার্ড প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী রোববারের (৩১ ডিসেম্বর) মধ্যেই এ রিপোর্ট কার্ড শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে পৌঁছে দেয়ার নির্দেশও দিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরীর সই করা আদেশে বলা হয়, নতুন শিক্ষাক্রম অনুসারে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের পারদর্শিতা নির্দেশক (পিআই) ও আচরণিক নির্দেশক (বিআই) সংক্রান্ত ডাটা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান সফলভাবে ‘নৈপুণ্য’ অ্যাপে ইনপুট দিয়ে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড তৈরি করে প্রিন্ট করতে সক্ষম হয়েছে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৈপুণ্য’ অ্যাপ ব্যবহার করে এখনো রিপোর্ট কার্ড প্রস্তুত করতে পারেনি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে আপাতত ম্যানুয়ালি রিপোর্ট কার্ড প্রস্তুত করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে শিক্ষার্থীদের হাতে রিপোর্ট কার্ড হস্তান্তর করবে।

আপাতত শিক্ষার্থীদের ম্যানুয়ালি প্রস্তুত করা রিপোর্ট কার্ড হস্তান্তর করা হলেও এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নৈপুণ্য অ্যাপ ব্যবহার করেই মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অ্যাপলের স্মার্টওয়াচের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

0

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) দেয়া এক রায়ের কারণে অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও ওয়াচ আলট্রা-২ বিক্রি বন্ধ করে দেয়। তবে আপিলের পর আমদানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান মাসিমো অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ আনে। অন্য কোম্পানির নিবন্ধিত পেটেন্ট লঙ্ঘন করেছে টেক জায়ান্টটি, এমন অভিযোগের পর রায়টি আসে। যার ভিত্তিতে স্মার্টওয়াচগুলোর আমদানি এবং বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির বাণিজ্য সংস্থা।

চলতি সপ্তাহেই এই আদেশ কার্যকর হওয়ার কথা ছিল। তবে প্রযুক্তি-জায়ান্ট অ্যাপল এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মার্কিন আদালতে আপিল করে। এক্ষেত্রে সফল হয়েছে তারা। বুধবার নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত দেয় আপিল বিভাগ।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের স্মার্টওয়াচ ব্যবহারকারীদের রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারে। মাসিমো করপোরেশনের পেটেন্টকে যা লঙ্ঘন করে বলে অভিযোগ আনা হয়েছিল। আইনি বিরোধের কারণে অ্যাপলের এই পণ্য আগে নির্দিষ্ট কিছু দেশে নিষিদ্ধ ছিল। তবে মার্কিন বিধিনিষেধটি ক্রিসমাসের আগে প্রতিষ্ঠানটির ব্যবসাকে বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

২৪ ডিসেম্বরের মধ্যে প্রায় ২৭০টি আউটলেট থেকে পুরাতন ঘড়ি সরিয়ে ফেলেছিল অ্যাপল। অল্প সময়ের মধ্যেই নতুন ঘড়ি নিয়ে আসার ঘোষণা দিয়েছিল তারা।

ঢাকার পরিচ্ছন্নতা কর্মীদের গায়ে লাগানো হচ্ছে ক্যামেরা

0

স্বাস্থ্য বিভাগের মশক নিধন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট পরিচ্ছন্নতাকর্মীদের গায়ে ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ খবর জানা গেছে।

জানা গেছে, কাজের অবস্থান, প্রযুক্তিনির্ভর উপায়ে পর্যবেক্ষণ ও মনিটরিং কাজের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফোর জি বডি ক্যামেরা গ্রহণের জন্য সংস্থাটি গ্রহণ কমিটি গঠন করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে (যান্ত্রিক)। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির আইসিটি সেলের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী এবং একই বিভাগের উপ সহকারী প্রকৌশলীকে (যান্ত্রিক)।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ক্যামেরাগুলো গ্রহণ করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রথমে বডি ক্যামেরাগুলো সংগ্রহ করে গুণগতমান সঠিক আছে কিনা তা প্রতিবেদন আকারে দাখিল করবে।

মুকসুদপুরে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ২০

0

গোপালগঞ্জের মুকসুদপুরে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছেন। এসময় ৩টি দোকান ও ৮টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলার মোচনা ইউনিয়নের শুয়াশুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মোচনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. এমদাদ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মোচনা ইউনিয়েনর শুয়াশুর গ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফারুক খান এমপি ও স্বতন্ত প্রার্থী মো. কাবির মিয়ার ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টা দিকে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপি সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ২০জন আহত হয়।

এসময় সংঘর্ষকারীরা ৩টি দোকান ও রাজ্জাক শেখ, মারুফ শেখ, নওসার শেখ, রবিউল শেখের বাড়িসহ প্রায় ৮ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। মারাত্নক আহত রুবেল শেখ (৩৫), ফিরোজ শেখ (৬৫), বিপ্লব শেখ (৩০) শামিম শেখ (৩৫), রসুল মেখ (৩০) তানিয়া আক্তার (২২), কাদু শেখসহ (৫০) প্রায় ২০জনকে মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে ভর্তিসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোচনা ইউনিয়নের বর্তমান মো. এমদাদ মোল্লাকে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এপিবিএনের সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা, জেলায় এসব এপিবিএন ফোর্স দায়িত্ব পালন করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।