মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
31.1 C
Dhaka

শাহরুখ খানের স্ত্রীকে আইনি নোটিশ

0

শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তি পাবে আর মাত্র একদিন পর। শেষ ধাপের প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। এরইমধ্যে দুঃসংবাদ এলো কিং খানের। আইনি জটিলতায় ফেঁসে গেছেন তার স্ত্রী গৌরি খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠেছে এ তথ্য।

গৌরি খানকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরোক্টোরেটের (ইডি)। একটি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত থাকার জন্য এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শোনা যাচ্ছে, লক্ষ্ণৌয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি লেন গৌরী খান। এই কোম্পানির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সেই সূত্রেই কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

যে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তা নাকি বিনিয়োগকারীদের ও ব্যাংকের। শোনা গেছে, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। মামলার সমস্ত দিক খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। সেই জন্যই গৌরীকে নোটিশ পাঠানো হয়েছে। আধিকারিকরা জানতে চান, গৌরীর সঙ্গে এই কোম্পানির কী ধরনের চুক্তি হয়েছিল? এবং কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল? গৌরীর চুক্তির কাগজপত্রও নাকি খতিয়ে দেখা হবে।

তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া এখনও জানাননি গৌরি ও শাহরুখ। ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি।

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানান আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, এক মাসের মধ্যে এ ফল প্রকাশের নিয়ম রয়েছে। নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী ২৬ ডিসেম্বর।

এর আগে, গত ২৭ নভেম্বর ফল নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন শিক্ষার্থীরা। এবার প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেওয়া হয়েছে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয়) রয়েছে, সেসব বিষয়ের আবেদনে ৩০০ টাকা গুনতে হয়েছে শিক্ষার্থীদের।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিরীক্ষণের আবেদন বেড়েছে প্রায় তিন গুণ। শুধু ঢাকা শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী দুই লাখ ৭১ হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করেছেন বলে জানা গেছে। বোর্ডটির পরীক্ষার্থী ছিল তিন লাখ ১৫ হাজার বেশি। গত বছর ৩১ হাজার পরীক্ষার্থী এক লাখ চার হাজারের বেশি খাতা নিরীক্ষণের আবেদন করে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬

0

চীনের গ্যাঙসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে আহত হয়েছে ৯৬ জন। বেশ কয়েকটি বাড়ি এতে বিধ্বস্ত হয়েছে বলেও জানা গেছে।

চীনের গ্যাঙসু প্রদেশে ভয়াবহ এক ভূমিকম্পে অন্তত ১১০ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। খবর রয়টার্সের

ভূমিকম্পটি ৬.১ মাত্রার ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প আঘাত হানার পর কিছু গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া ভবনগুলোর ছাদ ও ধ্বংসাবশেষ। এরই মধ্যে শুরু হয়েছে জরুরি উদ্ধারকাজ। তবে প্রচণ্ড ঠাণ্ডায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই ভূমিকম্পটির মাত্রা বেশি ছিল। গভীরতা ছিল কম। এ কারণে হতাহতসহ ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

গানসু ব্লু স্কাই রেসকিউ টিমের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির একটি কারণ হলো, এলাকাটির অনেক বাড়ি মাটি দিয়ে তৈরি, তা ছাড়া এলাকাটির বাড়িঘরও অনেক পুরোনো।

ক্ষতিগ্রস্ত এলাকার ৭০ থেকে ৮০ শতাংশ ঘরবাড়ি বসবাসের অযোগ্য হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এই কর্মকর্তা।

চীনে এ ধরনের ভূমিকম্প স্বাভাবিক ঘটনা। চলতি বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেউ নিহত না হলেও ২৩ জন আহত হন। সে সময়ও ধসে পড়ে বেশ কিছু ভবন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভূমিকম্পের পর হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন।

ফের জিএম কাদেরকে প্রাণনাশের হুমকি

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় ঘোষণা দেয়ায় ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়।

এই নম্বর থেকে এর আগেও তিনি হুমকি পেয়েছিলেন। এ বিষয়ে ১৪ ডিসেম্বর উত্তরা থানায় জিডিও করা হয়েছিল।

সোমবার হোয়াটসঅ্যাপে দেয়া হুমকিতে বলা হয়েছে, ঢাকা-১৮ তে এবং রংপুরে আশা করি সাবধানতার সঙ্গে প্রচারকার্য চালাবেন। হয়তো বা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সঙ্গে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে এলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে।

হুমকিদাতারা আরও লেখেন, ২৭৪ টি আসনে জয়ী করে দেয়ার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।

হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদেরের ব্যাক্তিগত সহকারী আবদুল হান্নান। তিনি টেলিফোনে বলেন, এ ধরনের হুমকি এর আগেও এসেছিল। আজ নির্বাচনি প্রচারে গিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বলেছেন, হুমকি ধমকিতে জিএম কাদেরকে ভয় দেখানো যাবে না। জনগণ জাতীয় পার্টির পক্ষে। ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গলের বিজয় হবে।

গুলিস্তানে ভরদুপুরে বাসে আগুন

0

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ভরদুপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আমরা মাত্র আগুনের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।

তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪

0

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুনের খবর ভোর পাঁচটা ৪ মিনিটে পাওয়া গেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঁচটা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রহরায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ছয়টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ হয়।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ‘ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর যাত্রীরা পেছনের বগিতে আগুন দেখতে পান। পরে তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।

এর আগে, গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১

0

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত ও ২২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। খবর বিবিসি ও রয়টার্সের।

ভূমিকম্পটি ৬.১ মাত্রার ছিল বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)। এটির উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর পরই উদ্ধারকাজ শুরু হয়েছে।

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হন।

আবারও বাড়লো স্বর্ণের দাম

0

স্বর্ণের দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ  ৯ হাজার ২৯২ টাকা (প্রতি ভরি)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

সোমবার (১৮ ডি‌সেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৪ হাজার ৫৩৩ টাকায় বিক্রি করা হবে।

স্বর্ণের দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

শীতে সোয়েটার পরে ঘুমানো কি ঠিক?

0

শীতের সময় শরীর গরম রাখতে সোয়েটার বা গরম কাপড় পরতেই হয়। অনেকে আবার রাতে শুতে যাওয়ার সময় উলের পোশাক পরে ঘুমিয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, শীতে আমাদের রক্তপ্রবাহ সঙ্কুচিত হয়ে যায়। পশমের পোশাক পরে ঘুমিয়ে পরলে আমাদের শরীরকে উষ্ণ করে তোলে, যার ফলে রক্তচাপ কমে যেতে পারে।

শীতে সোয়েটার পরে ঘুমানো যা হতে পারে-

রক্ত চলাচলে বাধা: রাতে সোয়েটার পরে ঘুমালে ঠান্ডা থেকে বাঁচবেন ঠিকই, কিন্তু শরীরের রক্ত চলাচল ব্যাহত হবে। ঘুমানোর সময় গরম উলের পোশাক পরলে শরীরে ঠিকমতো রক্ত প্রবাহিত হতে পারে না। এতে রক্ত জমাট বাধাসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

অ্যালার্জি হতে পারে: উল থেকে তেল বের করার পর পরিষ্কার করার জন্য রাসায়নিক ও উলে রঙ করবার জন্য স্বাভাবিক ডাই ব্যবহার করা হয়। রাসায়নিক ও ডাইয়ের মিশ্রণ ত্বকের সংস্পর্শে এলে অস্বস্তি হতে পারে। এর ফলে চুলকানি, ফুলে যাওয়া এবং চোখ লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি এবং এমনকী বাতও হতে পারে।

স্বাভাবিক তাপমাত্রা ব্যাহত হয়: শীতে রাতে উলের পোশাক পরে ঘুমালে ঘুমানোর সময় শরীরের স্বাভাবিক তাপমাত্রা ব্যাহত হয়। শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েও সমস্যা সৃষ্টি হতে পারে।

রাতে মোজা পরে ঘুমোবেন না: রাতের বেলায় মোজা পরে ঘুমাবেন না। এতে শরীরের উষ্ণতার ভারসাম্য নষ্ট হতে পারে।

পদ্মা সেতুর ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ

0

নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য সেতু কর্তৃপক্ষ গৃহীত ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে অর্থ বিভাগের সচিবের কাছে এ দুই কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকারও বেশি, যা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ অবকাঠামো, আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

গত বছর সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে সেতু কর্তৃপক্ষ। ঋণ চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে চারটি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আসল পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং গত ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কেটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে।

পঞ্চম ও ষষ্ঠ কিস্তিসহ এ নিয়ে মোট পরিশোধ হয়েছে ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা। ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত উক্ত টোলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সংগৃহীত টোলের পরিমাণ ১ হাজার ১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে।

২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত টোলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা।