মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
33.4 C
Dhaka

রোববার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

0

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎকালে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে রোববার সকাল ১১টায় সময় দিয়েছেন। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমের যাওয়ার কথা রয়েছে।

গত ১১ ডিসেম্বর ইসির সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তাঁরা ভোটের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গ্রাম কাউন্সিলের বৈঠকে গ্রেনেড মারলেন ডেপুটি কাউন্সিলর

0

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে গ্রাম্য কাউন্সিলের বৈঠকে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গ্রেনেড হামলা করেছেন ডিপুটি কাউন্সিলর নিজেই। খবর বিবিসি

স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের দপ্তরে এই হামলা হয়। কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।

গ্রাম্য ওই বৈঠকে তিনটি গ্রেনেড হামলা চালানো হয়। এতে বৈঠকে অংশ নেয়া ২৬ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

গ্রেনেড হামলার সময় বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। এতে দেখা যায়, বৈঠক চলাকালে প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা হচ্ছিল। এ সময় এক ব্যক্তি সেখানে প্রবেশ করে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেন।

এ বিষয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রেনেড নিক্ষেপের ফলে ২৬ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।’ চিকিৎসকেরা গ্রেনেড হামলাকারীকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছেন বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

তবে এ হামলায় রাশিয়ার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্কে আছে কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

 

রিজার্ভে যোগ হলো ১০৮৯ মিলিয়ন ডলার

0

দেশের রিজার্ভে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার যোগ হয়েছে। এ ছাড়া শুক্রবার রিজার্ভে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারও যোগ হয়। এতে করে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। যদিও আইএমএফ ও এডিবির ঋণের টাকা যোগ হওয়ার পর রিজার্ভ কতো তা দু’একদিন পরে জানা যাবে বলে জানান মুখপাত্র।

 

প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন ফেরদৌস-পরীমণি

0

দুই প্রজন্মের দুই তারকা ফেরদৌস আহমেদ ও পরীমণি। দুজনেই নিজের সময়ে চলচ্চিত্রে আলোচিত তারকা। প্রথমবারের মতো জুটি বাঁধছেন তবে চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী।

বিএফডিসির ৭নং ফ্লোরে আইসি ফিল্মসের ব্যানারে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণের কাজ হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন তারা।

এ প্রসঙ্গে ইফতেখার বলেন, বিজ্ঞাপনচিত্রটি আমরা সিনেমার আদলে নির্মাণ করেছি। প্রচার শুরু হলে দর্শকরা নড়েচড়ে বসবে। কারণ নতুন কিছু দেখতে পাবে তারা। এর আগেও সিনেমার আদলে বিজ্ঞাপনচিত্র নির্মিত হলেও সেগুলো ছিল কোনো একটা দৃশ্যকে কেন্দ্র করে। তবে আমরা এই বিজ্ঞাপনচিত্রে পুরো সিনেমাকে তুলে ধরার চেষ্টা করেছি।

ফেরদৌস বলেন, পরীমণির সঙ্গে কখনো কাজ করা হয়নি। এবার তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা হলো। আশা করছি, আমাদের এই বিজ্ঞাপনটি প্রচারে এলে সবার ভালো লাগবে।

পরীমণি বলেন, প্রথমবারের মতো ফেরদৌস ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এর আগে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তবে স্ক্রিন শেয়ার করা হয়নি। প্রথমবার একসঙ্গে আমাদের বিজ্ঞাপনে পাওয়া যাবে।

ইরানি পুলিশের ওপর পাকিস্তানি গোষ্ঠীর হামলা, নিহত ১১

0

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদিল ইরানের সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়ে। এতে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ৭ পুলিশ সদস্য। অন্যদিকে ইরানি পুলিশ সদস্যদের গুলিতে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রেসটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়েছে, এদিন সকালের দিকে ঘটা এ হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে। তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল আদিলের হাইকমান্ড।

ভৌগলিক বিচারে ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। ইরানের সিস্তান-বেলুচিস্তান শিয়া মুসলিম অধ্যুষিত। অন্যতিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অধিকাংশ মানুষই সুন্নি মুসলিম। গত কয়েক বছর ধরে এই দুই অঞ্চলের সীমান্ত শহর ও গ্রামগুলোতে বেশ ঘন ঘন সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে।

উল্লেখ্য, দুই দেশের অস্ত্র ও মাদক সরবরাহকারীদের কাছেও রুট হিসেবে সিস্তান-বেলুচিস্তান ও বেলুচিস্তানের সীমান্তপথ বেশ জনপ্রিয়।

শরিকদের ৭ আসনের বেশি ছাড় দেয়া আ.লীগের জন্য সম্ভব নয়: কাদের

0

জোটের শরিকদের জন্য ৭টি আসনের বেশি ছাড় দেওয়া আওয়ামী লীগের জন্য সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শরিকদের সাথে সাথে আলাপ-আলোচনা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা সবাই আসন সমঝোতা নিয়ে কথা বলেন, এখানে আমরা এই সময়ে আমাদের এই এলায়েন্সটাকে যতটা রাজনৈতিক মূল্য দিচ্ছি, এখানে আসনের বিষয়টা মূখ্য না। এখানে মূখ্য হচ্ছে রাজনীতি। জঙ্গীবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই ইলেকশন।

তিনি বলেন, বাংলাদেশের মাটি থেকে এই অপশক্তি কে আমাদের পরাজিত করতে হবে। নির্বাচনে আসেনি। তারা নাশকতা করছে, কতদিন করবে? নাশকতা জনগণ সমর্থন করে না। বিএনপিকে এই নাশকতার জন্যেই তাদের আন্দোলনে জনসম্পৃক্ত করতে পারেনি।

এই সময় তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের আন্দোলনে জনগণ ছিল? তাদের কর্মীরা ছিল? সামনের দিকে তাদের এ জনবিচ্ছিন্নতা আরও বাড়বে।

শরিকদের আসনে স্বতন্ত্র প্রার্থী বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিযোগিতা হউক, এখানে পক্ষপাতিত্বের কি আছে? আমরা জোর করে কারো বিজয় ছিনিয়ে আনবো না। আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না।

তিনি বলেন, আমি পার্টির সাধারণ সম্পাদক, আমার বিরুদ্ধেও চার জন আছে। এখন কেউ যদি জিতে যায়, তাহলে তো আমাকেও হার মানতে হবে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা যেটা আছে সেটা আমরা মেনে নিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে একদিকে সন্ত্রাস সহিংসতা হচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর গুজবের ডালপালা বিস্তার করা হচ্ছে। মানবাধিকারের প্রবক্তা টিআইবি বিএনপির ভাবাদর্শের প্রবক্তা হয়ে চোখ থাকতে অন্ধ হয়ে আছে। টিআইবি বিএনপির শাখা সংগঠন হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব। যে কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করেছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ। h

আপিলের ছয়দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৭৭ জন

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন বৈধতা চেয়ে প্রার্থীদের করা আপিলের ছয় দিনে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসির আইন শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২০ জন। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পঞ্চম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৪ জন। পাশাপাশি ৫২টি আবেদন নামঞ্জুর হয়েছিল এবং চারটি আবেদনের শুনানি পেন্ডিং রাখা হয়েছিল। আর একটি আপিল আবেদনের বাদী অনুপস্থিত ছিলেন। গত বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনে ৯৯ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন ৪৫ জন। এদিন আপিল আবেদন নামঞ্জুর হয়েছিল ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান।

সবমিলিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ছয় দিনে মোট ২৭৭ জন প্রার্থীর প্রার্থিতা ফিরিয়ে দেন।

এর আগে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এরমধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। গত ছয় দিনে আপিল আবেদনগুলোর শুনানি সম্পন্ন করল ইসি। তবে ইসির রায়ে কেউ সন্তুষ্ট না হলে হাইকোর্টে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। পরদিন ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। সবশেষ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

0

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ৪২.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৮৯ তাড়া করতে নেমে যে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল যুবা টাইগাররা। তবে সেখান থেকে আরিফুল ইসলাম খেললেন ব্যক্তিগত ৯৪ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। তবে আরিফুল ফিরলেও তখন জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শেষদিকে অবশ্য ভারত বেশ কয়েকটি উইকেট তুলে নেয়। নইলে বাংলাদেশের জয়টা আরও বড় হতে পারতো।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে পড়ে গিয়েছিল যুবা টাইগাররা। প্রথম ওভারেই রাজ লিম্বানির বলে বোল্ড হন ওপেনার জিসান আলম। গোল্ডেন ডাকে (১ বলে ০) ফেরেন তিনি। ১৯ বলে ১৩ করে নামান তিওয়ারির শিকার হন চৌধুরী মো. রিজওয়ান। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলির ওপর ভরসা ছিল। কিন্তু ২২ বলে ৭ করে রানআউটে কাটা পড়েন এই ওপেনার। সেখান থেকে আরিফুল ইসলাম আর আহরার আমিনের ১৩৮ রানের জুটিতে ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। এ জুটিতে মূল ভূমিকা আরিফুলেরই। তবে ৯০ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৯৪ রান করে ভারতীয় পেসার রাজ লিম্বানিকে ছক্কা হাঁকাতে গিয়েই ভুল করেছেন তিনি। ক্যাচ হয়ে ফিরতে হয়েছে সাজঘরে। এরপরই আউট হন মোহাম্মদ শিহাব (৯) আর শেষদিকে এসে উইকেট বিলিয়ে আসেন আরিফুলের সঙ্গে ম্যাচ জেতানো জুটি গড়া আহরারও (৪৪)।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ বোলিংয়ে ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।

টাইগার পেসারদের তোপের মুখে শুরুতে দাঁড়াতেই পারছিল না ভারতীয় ব্যাটাররা। ৬১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শেষদিকে মুশের খান ও মুরুগান অভিশেকের দুই ফিফটিতে সম্মানজনক স্কোরই পেয়ে যায় উদয় শাহারানের দল। ৪২.৪ ওভার খেলে ১৮৮ রানে অলআউট হয়েছে তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট (৪১ রান খরচায়) শিকার করেন মারুফ মৃধা। ২টি উইকেট তুলে নেন রোহানাত দৌল্লা বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

শরিকদের জন্য যেসব আসন ছেড়ে দিলো আওয়ামী লীগ

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৭টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে নিজ বাসায় বৈঠকের পর এ তথ্য জানিয়েছে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

ছেড়ে দেয়া আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২।

জোট শরিকদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড়ছে আওয়ামী লীগ।

এরমধ্যে বরিশাল–৩ আসনে প্রার্থিতা করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুষ্টিয়া ২ আসনে আর জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রার্থিতা করছেন পিরোজপুর–২ আসন থেকে।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই আসন বন্টন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে আসছিল ১৪ দলের শরীকরা। এখন পর্যন্ত ক্ষমতাসীনদের সঙ্গে অন্তত তিনটি বৈঠক করেছে ১৪ দলের নেতারা। প্রথম দফায় গত ৪ ডিসেম্বর জোট নেতারা বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সে সময় জোট নেতারা তাঁদের প্রত্যাশা অনুযায়ী আসনের একটি তালিকা আওয়ামী লীগ সভাপতিকে দিয়েছিলেন।

পরদিন জোট সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সঙ্গেও বৈঠক করেন তারা। সবশেষ গত রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও বৈঠক করেন তারা। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জোট শরীকরা ছাড় দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর বাকি আসনগুলোতে ভোট করবেন নিজেদের প্রতীক নিয়ে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৯টি দলের প্রার্থীরা এবার নির্বাচনে আসছেন। অন্যদিকে, বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দলের কোনো প্রার্থী এই নির্বাচনে নেই।

বর্তমানে ভোটের মাঠে থাকা রাজনৈতিক জোটগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো বলা যেতে পারে ১৪ দলীয় জোটকে। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকটি রাজনৈতিক দল নিয়ে ২০০৪ সালে গঠিত হয় রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দল। জোটের প্রধান শরিক আওয়ামী লীগ।

২০০৯ সালে এক–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বৃহত্তর জোট মহাজোট ক্ষমতায় আসে। এ সময় ১৪ দলের শরিক দলগুলোর কয়েকজন নেতা মন্ত্রিসভায়ও স্থান পান। ২০১৪ সালের নির্বাচনেও এ ধারা অব্যাহত ছিল। টানা দুই মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।