পুদিনা পরিবারের একটি ফুলগাছের ভোজ্য বীজ এই চিয়া সিড পুষ্টিগুণে ভরপুর ‘সুপারফুড’ হিসেবে পরিচিত।
এতে রয়েছে আঁশ, প্রোটিন, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টসহ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। কিন্তু প্রশ্ন হলো গুঁড়া চিয়া সিড ভালো, নাকি পুরো চিয়া সিড? এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন পুষ্টিবিদ দীপশিখা জৈন।
পুষ্টিবিদের মতে, পুরো চিয়া সিডেও রয়েছে প্রচুর ওমেগা–৩, প্রোটিন ও দ্রবণীয় আঁশ। যারা সহজভাবে খাদ্যতালিকায় চিয়া যুক্ত করতে চান, তারা পুরো বীজ ভিজিয়ে খেতে পারেন। তবে এর বাইরের শক্ত আবরণ অনেক সময় সম্পূর্ণ হজমে বাধা সৃষ্টি করতে পারে।
গুঁড়া চিয়া সিড: বেশি শোষণ, সহজ হজম
দীপশিখা জৈন জানান, চিয়া সিড গুঁড়া করলে এর বাইরের আবরণ ভেঙে যায়। ফলে শরীর সহজেই এর পুষ্টি উপাদান শোষণ করতে পারে। গুঁড়া অবস্থায় ওমেগা–৩, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের জৈবপ্রাপ্যতা বেড়ে যায়। গুঁড়া চিয়া বেশি পানি ধরে রাখতে পারে, যা শরীরের পানিশূন্যতা রোধে সহায়ক। এটি অন্ত্রের জন্য উপকারী এবং শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিডের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় হজমে সহায়তা করে।
পুষ্টিবিদের পরামর্শ যারা সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে চান, তাদের জন্য গুঁড়া চিয়া সিড বেশি উপকারী। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, গুঁড়া চিয়া সিড দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই তিনি পরামর্শ দেন, গুঁড়া করার পর বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে। সব মিলিয়ে বলা যায়, পুরো চিয়া সিড উপকারী হলেও গুঁড়া করে খেলে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে এবং হজমও ভালো হয়।


