বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
21 C
Dhaka
Homeখেলাবিশ্বকাপ খেলতে ভারতে যাবেনা বাংলাদেশ

বিশ্বকাপ খেলতে ভারতে যাবেনা বাংলাদেশ

প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬ ৬:১৫

ফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। আনুষ্ঠানিকভাবে কেকেআরও জানিয়ে দিয়েছে সিদ্ধান্ত।

এর পরই দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরেছে। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারত খেলতে যাবে না বলে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ারও আবেদন করেছে।

বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবির খবর গেছে ভারতের কাছেও। প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিসিসিআই জানিয়েছে, এমন কিছু করা বলতে গেলে ‘অসম্ভব’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা এনটিভিকে জানিয়েছে, ‘কারও খেয়ালখুশিমতো ম্যাচ পরিবর্তন করা যায় না। এটি একটি লজিস্টিক বিপর্যয় তৈরি করবে। বিরোধী দলগুলোর বিমান টিকিট ও হোটেল বুকিং হয়ে গেছে। এছাড়া সম্প্রচার ক্রু এবং অন্যান্য কারিগরি বিষয়ের কারণে এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় ম্যাচে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ইতালির বেলা সাড়ে ১১টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।এরপর ৫ দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এ ম্যাচটিও হবে কলকাতায়। নেপালের বিপক্ষে মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে আগ্রহের শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডাসের মধ্যে লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। যা আইপিএলে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক।

তবে মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। কলকাতার মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলা থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানকে হুমকি দেন তারা। এমনকি ফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুরের হুমকিও দেন তারা।

ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম হুমকি দিয়ে ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দেন। সঙ্গীত সোম বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুরের হুমকি দিয়েছেন তিনি। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।

এসব দাবির পর গতকাল বিসিসিআই সচিব দেবজিৎ সাইক্রিয়া মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কথা জানান। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।

এরপর এক বিবৃতিতে মুস্তাফিজকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় কলকাতা। বিবৃতিতে তারা জানায়, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের নির্দেশেই ফিজকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে কলকাতা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘ভারতীয় বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে।’

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর